কিশোরগঞ্জে র্যাবের অভিযানে ১৯শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই বুধবার বিকাল ৬টার পর নিকলীর মহরকোনা এলাকা থেকে ১৯শ’ পিস ইয়াবাসহ একই এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে মোবারক (২৫) ও শরহমুল এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে সাইফুলকে (৩০) আটক করেছে। এসময় একটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিকলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া র্যাবের অন্য একটি দল বুধবার বিকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার স্বল্প দামপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় নগদ ৪ হাজার ৮৩০ টাকা, দু’টি মোবইল সেট ও এক বান্ডেল তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে। এরা হলো যশোদল ভুবিরচর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (৬০), স্বল্প দামপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে আজিজুল হক (৬০), যশোদল ভুবিরচর এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে হাবিল (২৯), বানিয়াকান্দি এলাকার তারা মিয়ার ছেলে সুজন মিয়া (২৮) এবং যশোদল মধ্যপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মজু মিয়া (২৮)। এদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প দামপাড়া থেকে র্যাবের হাতে আটক ৫ জুয়াড়ি। -পূর্বকণ্ঠ