ভৈরবে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জয় (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৬ জুলাই রোববার দুপুরে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটলে আশেপাশের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জয় ওই এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে।
নির্যাতিতা শিশুটিকে প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয় ও নির্যাতিত শিশুটির পরিবার প্রতিবেশী। রোববার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে খেলনা দেয়ার কথা বলে জয় তার রুমে ডেকে নেয়। পরে সে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি রক্তাক্ত হয়ে কান্না শুরু করলে জয় পালিয়ে যায়।
শিশুর কান্না শুনে তার মা ছুটে এসে উদ্ধার করেন। এসময় শিশুটি তার মাকে জয়ের ঘটনা জানায়। এ খবর শুনে প্রতিবেশীরা বাড়ির কাছে লুকিয়ে থাকা জয়কে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
উপজেলার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহমেদ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন জানান, ঘটনার খবর পেয়ে আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং আটক ধর্ষক জয়কে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয় ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়ে তিনি আরও জানান, শিশুটির পরিবার থানায় ধর্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।