বৃষ্টিকে উপেক্ষা করে থেমে নেই ভৈরব পৌরসভার ত্রাণ বিতরণ কার্যক্রম। পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর নিরলস প্রচেষ্টায় হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আজ ২১ জুলাই মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভৈরব পৌরসভার পক্ষ থেকে চতুর্থ ধাপে স্থানীয় সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে পৌরসভার ৫নং ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলু মিয়া প্রমুখ।
জানা যায়, করোনা প্রাদুর্ভাবে অসহায় হত দরিদ্র পরিবার, খেটে খাওয়া মানুষের কষ্ট থেকে পরিত্রাণ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। ভিজিএফ ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পৌর শহরের ১২টি ওয়ার্ডে ৫ হাজার ৭৬০ পরিবার থেকে প্রতি ওয়ার্ডে হত দরিদ্র ৯৫ পরিবারকে ২০ কেজি ও ৩৮৫ পরিবারকে ১০ কেজি চাল প্রদান করা হচ্ছে। এর আগে ১ম, ২য় ও ৩য় তফায় ৬ হাজার পরিবারকে ২০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, এই দুর্যোগে কর্মহীন খেটে খাওয়া মানুষ যেন অনাহারে দিন না কাটাতে হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দফায় দফায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র ঈদুল আযহার দিন মানুষ যেন সুখে শান্তিতে অন্তত পক্ষে দু’মুঠো ভাত খেতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা দিয়ে যাচ্ছেন। একমাত্র আল্লাহ ছাড়া এই দুর্যোগ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তাই আল্লাহর কাছে দোয়া চান যেন আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করে। এই ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।