আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিন। এবারের বিশেষ পরিস্থিতির কারণে জন্মদিনটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২১ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জুম প্রযুক্তিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় জুমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অনির্বাণ চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান এবং সকল উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জুমে সংযুক্ত ছিলেন।
সভায় ৮ আগস্ট বঙ্গমাতার কর্মময় জীবন, বঙ্গবন্ধুর ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পেছনে এই মহিয়সী নারীর অনন্য অবদানসহ বিভিন্ন রাজনৈতিক ক্রান্তিকাল ও দুঃসময়ে তার বুদ্ধিদীপ্ত কর্মতৎপরতার ওপর আলোচনা সভা আয়োজনের প্রস্তাব রাখা হয়। এবার করোনা মহামারির কারণে প্রকাশ্যে বড় আকারের সভার সুযোগ না থাকায় জুম প্রযুক্তিতে সভার প্রস্তাব করা হয়। সেই সঙ্গে আলোচনা সভায় ঢাকা থেকে কোন একজন বরেণ্য ব্যক্তিত্বকে আলোচক হিসেবে সংযুক্ত করারও প্রস্তাব করা হয়। জেলার প্রতিটি উপজেলায়ও এদিন স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচী পালন করা হবে বলে সভায় জানানো হয়। এছাড়া বঙ্গমাতার জন্মদিনে কিছু দরিদ্র উদ্যোক্তা নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে বলেও সভায় জানানো হয়।