# মোহাম্মদ খলিলুর রহমান :-
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উপলক্ষে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আওয়াল ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও অর্জনের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে নারীদের ‘অদম্য নারী’ হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধিত অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী স্বর্ণালী আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল নারী নাজমা আরা বেগম, সফল জননী নারী রৌশনা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা নারী জামিনা আক্তার, সমাজ উন্নয়নে ভূমিকা রাখা নারী রুবিনা সুলতানা।
বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী জাগরণের পথিকৃৎই নন; তিনি বাঙালি নারী সমাজকে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও শিক্ষিত হওয়ার যে আলোকিত পথ দেখিয়ে গেছেন তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। অদম্য নারী সংবর্ধনা সেই আদর্শকে এগিয়ে নেওয়ার এক অনুপ্রেরণামূলক উদ্যোগ।