# মিলাদ হোসেন অপু :-
বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভৈরব-কুলিয়ারচরে নিন্দার ঝড় উঠেছে। মন্তব্যটি করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের বিরুদ্ধে। এই বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৮ ডিসেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির প্যাডে এক লিখিত প্রতিবাদলিপি দেন। এদিকে গতকাল ৯ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপির প্যাডে এক প্রতিবাদলিপি দেয়া হয়।
জানা যায়, কেন্দ্রীয় বিএনপি (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনানীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে অভিযুক্ত কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
গত ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপি নেতাকর্মীদের একাংশ ও সমর্থকদের নিয়ে সভা করে সদর উপজেলা বিএনপি সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় তিনি বক্তব্যের এক ফাঁকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের প্রতি ক্ষোভ প্রকাশ করে ব্যক্তিগত আক্রমণাত্মক কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপ গুলো নিজের ফেসবুক আইডিসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। পরে বক্তব্যটি বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়ে।
এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক, নেটিজেন ও সাধারণ মানুষজনের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।
গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান এর পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়।
ভৈরব উপজেলা বিএনপির প্রতিবাদলিপিতে বলা হয়েছে, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সারা বাংলাদেশে ২৭৩টি আসনের ন্যায় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। উক্ত আসনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলো তারা মনোনয়ন না পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সাহেব-কে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে।
উক্ত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য ও প্রকাশ্যে মো. শরীফুল আলম সাহেব-কে হত্যার হুমকি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত ন্যাক্কারজনক ঘটনার জন্য তাদের ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হলো। উক্ত ঘটনার ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা না করা হয় তাহলে আমরা ভৈরব উপজেলা বিএনপি কঠোর আন্দোলন ও ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য থাকিব। পরিশেষে উক্ত ঘটনাবলীর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে একই বিষয়ে কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রতিবাদ লিপিতে লেখাটি হুবহু তুলে ধরা হল, বিগত কয়েকদিন যাবত পাবলিক মিডিয়ার মাধ্যমে দেখতেছি কিশোরগঞ্জ সদর আসনের মনোনয়ন কে কেন্দ্র করে একটি বিশেষ মহল বিভিন্ন ভাবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, বিগত আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দানকারি আমাদের গর্ব জননেতা মো. শরীফুল আলম সাহেব-কে নিয়ে অশালীন ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করিয়া আসিতেছেন।
যাহা আমাদের দৃষ্টিগোচরে এসেছে এমনকি জনাব মো. শরীফুল আলম সাহেবকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত ও সাধারণ সম্পাদক এম.এ হান্নান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩২ বছর ধরে দলের জন্য অর্থ, সময় ও শ্রম ঘাম ব্যয় করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ তথা ভৈরব-কুলিয়ারচর আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা কারা নির্যাতিত নেতা হলেন মো. শরীফুল আলম। মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত একান্তই কেন্দ্রীয় নেতৃবৃন্দের। এর সাথে শরীফুল আলমের কোন সম্পৃক্ততা নেই। তারপরও একটি কুচক্রী মহল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন করতে শরীফুল আলমকে জড়িয়ে মিথ্যাচার করছেন। আমরা ভৈরব বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত বলেন, বিএনপিকে দুর্বল ও বিভ্রান্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে। কেন্দ্রীয় ভাবে মনোনয়ন দেয়া হয়েছে। শরীফুল আলমের এ বিষয়ে কোন সম্পৃক্ততা নেই। তিনি জেলা বিএনপির অভিভাবক। তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। আমরা কুলিয়ারচরবাসী এর তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে একাধিক বিএনপির নেতারা বলছেন, “রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একজন দায়িত্বশীল রাজনীতিবিদের আচরণে এটি মানায় না। কারো যোগ্যতা বা অবদানকে অবজ্ঞা করা এবং বিদ্বেষপূর্ণ ভাষায় আক্রমণ করা কিশোরগঞ্জের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করবে।”
তারা আরও বলেন, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চান কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলসহ একাধিক নেতা। এই মনোনয়ন না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমের বিরুদ্ধে। ওই আসনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এতেই ক্ষোভে দলের বিরুদ্ধে গিয়ে শরীফুল আলমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানহানি ও মিথ্যাচার করা হচ্ছে। সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী এ প্রতিহিংসামূলক বক্তব্য পুরো বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে।
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আমি শরীফুল আলমকে নিয়ে কোন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি। আমি বলতে চেয়েছি তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি হয়ে ভৈরবকে জেলার করার দাবিকে সমর্থন করেন। তিনি কিশোরগঞ্জ জেলাকে দ্বিখণ্ডিত করার এরকম বক্তব্য দিতে পারেন না। শরীফুল আলম কিশোরগঞ্জ জেলায় এক ঘেয়েমী রাজনীতি পরিচালনা করছেন। তিনি নিজেকে শেখ হাসিনার মতো নেতা মনে করেন। তিনি টাকার গরমে তাঁর পকেটের লোক দিয়ে কমিটি গঠন ও মনোনয়ন নিয়েছেন। আমরা কিশোরগঞ্জের বিএনপি তাঁর তীব্র প্রতিবাদ জানাই। দীর্ঘদিনের ত্যাগী বিএনপির পরিক্ষিত সৈনিককে যেন মনোনয়ন দেয়া হয়।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সারা দেশে বিভিন্ন আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। আমাকেও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন দেয়া হয়েছে। জেলার অন্যান্য আসনে মনোনয়নের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলো তারা মনোনয়ন না পেয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কিশোরগঞ্জের বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর সুষ্ঠু সুরাহা করবেন।
এদিকে গত সোমবার দুপুরে স্টেশন রোডে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চার মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।