# মোস্তফা কামাল :-
কেন্দ্র থেকে বুধবার এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবীরকে আহবায়ক ও একেএম আরিফুর রহমান বাবুকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে চারজন নারী কর্মকর্তা রয়েছেন।
কমিটির ১০ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে প্রথমেই নাম রয়েছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেনের। তিনি এ কমিটি প্রত্যাখ্যান করে তাঁর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি কমিটি পুনর্গঠন না করলে বিপ্লবী ছাত্র-জনতা এ কমিটির কবর রচনা করবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
ইকরাম হোসেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত তিনি জেলা এনসিপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর ফেসবুকে ‘প্রতিবাদলিপি’ শিরোনামে লিখেছেন, ‘জুলাই ২৪ বিপ্লবোত্তর সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা কমিটি গঠনের ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শের সম্পূর্ণ বিচ্যুতি ঘটিয়েছে। কমিটির গঠনের ক্ষেত্রে কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়া গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দদের মাইনাস করে কেন্দ্রীয় গুটি কয়েক নেতৃবৃন্দের মনমতো যেই পকেট কমিটি করা হয়েছে, আমি সেই কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি স্থগিত করে পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে কমিটি স্থগিত করে পুনর্গঠন করা না হলে কিশোরগঞ্জের বিপ্লবী ছাত্র-জনতা এনসিপির কবর রচিত করবে ইনশাআল্লাহ।’
কমিটির সদস্য সচিব আরিফুর রহমান বাবু জানান, তিনি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের জেলা কমিটির আহবায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতীয় পার্টির যুব সংগঠনের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এর পর যখন দেখলেন, জাতীয় পার্টি আন্দোলনের পথ পরিহার করে নির্বাচনের পথে গেছে, তখন তিনি পদত্যাগ করেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন।
অন্যদিকে জেলা ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি সালমান এম সাকিব তাঁর ফেসবুকে লিখেছেন, ‘কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নবগঠিত কমিটিকে অভিনন্দন। তারা যে বিপ্লব, এতো এতো প্রাণ, শহীদদের জীবন, আহতদের রক্ত বিক্রি করে রাজনীতি করছে, তা আবার প্রমাণ করলো। বিপ্লবে গঠিত একটা দলের সদস্য সচিব স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতা। এইটা কি গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি না? ২৪ এর বিপ্লবী দল বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, চরমোনাইয়ের মত দলগুলো এবং দলীয় নেতারা কি রাজনৈতিক ঐকমত্যের বৈঠকে কিংবা সরকারি, বেসরকারি গোলটেবিলে স্বৈরাচারের দোসরদের সঙ্গে বসবে? বিপ্লব চিরজীবী হোক শ্লোগানটা দিতে তাদের লজ্জা হওয়া উচিত।’ সাকিবের এই স্ট্যাটাস ঘোষিত কমিটির যুগ্ম-সদস্য সচিব আশরাফ আলী সোহান শেয়ার করেছেন।
খায়রুল কবীর এবং ইকরাম হোসেন, দু’জনই কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা বোর্ড থেকে। খায়রুল কবীরের বাড়ি করিমগঞ্জ আর ইকরাম হোসেনের বাড়ি তাড়াইল উপজেলায়।
কমিটিতে একজনকে সিনিয়র যুগ্ম-আহবায়ক রেখে ১০ জনকে করা হয়েছে যুগ্ম-আহবায়ক। আর একজনকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করে যুগ্ম-সদস্য সচিব রাখা হয়েছে তিনজনকে।
কমিটির আহবায়ক খায়রুল কবীরকে কারও কারও অসন্তোষ সম্পর্কে প্রশ্ন করলে বলেন, কেন্দ্র থেকে বয়সের একটি ক্রাইটেরিয় ঠিক করা হয়েছে। প্রথম ৫-৬টি গুরুত্বপূর্ণ পদে ত্রিশোর্দ্ধদের রাখা হবে। এছাড়া যারা ক্ষোভ দেখাচ্ছেন, তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে কেন্দ্র অবহিত আছে। যারা কবর রচনা করতে চায়, তারা কিভাবে সংগঠন করবে, প্রশ্ন রাখেন তিনি। তবে সামনে আরও অনেক সময় আছে। ওদেরকে ধৈর্য ধরে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন।
কমিটির সদস্য সচিব আরিফুর রহমান বাবুকে নিয়ে বিতর্ক সম্পর্কে তিনি বলেন, এক সময় বাবু জাতীয় পার্টির যুব সংগঠনের সাথে যুক্ত থাকলেও ২০১৮ সালে পদত্যাগ করেছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। ফ্যাসিস্টের সহযোগী মুজিবুল হক চুন্নুকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন। কেন্দ্র থেকে যাচাই করেই তাকে নেওয়া হয়েছে বলে খায়রুল কবীর জানিয়েছেন।
তবে কমিটির বিরোধিতাকারী ইকরাম হোসেনের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।