# নিজস্ব প্রতিবেদক :-
জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ২২ অক্টোবর বুধবার তিনি এক ভিডিও বার্তায় এ সিদ্ধান্ত জানালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সহ-দপ্তর সম্পাদক ছিলেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক এবং কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য ছিলেন।
আওয়ামী লীগের এই বৈরি সময়ে কেন এই দলে যোগ দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি এক অডিও বার্তায় এ প্রতিনিধিকে জানান, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন মুবিনের কোন পদ নেই। এ ছাড়া তাঁর মাথাও ঠিক নেই। কাজেই তাঁর আওয়ামী লীগে যোগদানেরও কোন গুরুত্ব নেই।