• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে নারীর অধিকার ও ক্ষমতায়নে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে নারীর মর্যাদা সুরক্ষা, অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার দিলালপুর ইউনিয়নের বাজারসংলগ্ন মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নারীর সামাজিক মর্যাদা রক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনে ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন, জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী সৈয়দ সিরাজুল হুদার সহধর্মিণী মিসেস আয়েশা হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দল-এর সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তাদের মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় নারীর অধিকার রক্ষার স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই দফাগুলো বাস্তবায়ন হলে সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, তাহসিনা তাজিন হুদা, রোকসানা শারমিন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, কাজী মনজুরুল ইসলাম রোকন, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন এবং অন্যতম যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল মাহমুদ।
বক্তারা বলেন, নারী সমাজ দেশের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না। তারা সকলকে নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল নারী জাগরণ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির এক প্রাণবন্ত মিলনমেলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *