• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

সালুয়ায় নতুন রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে নতুন রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কান্দুলিয়া গ্রামের দক্ষিণপাড়া সামাজিক কবরস্থান পাকা রাস্তা হতে আসমত আলীর বাড়ি পর্যন্ত নতুন রাস্তার ইটের সলিং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সরকারের কাবিখা কর্মসূচির আওতায়।
ইউপি সদস্য মো. মাসুম জানান, আমার প্রতিজ্ঞা হলো এ কান্দুলিয়াবাসীর রাস্তার কাদামুক্ত করে উন্নয়ন কাজ করা। ইতোমধ্যেই ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বেশ কয়েকটি নতুন রাস্তার উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আর বাকী যে সময় আছে সে সময়ের মধ্যে রাস্তার কাদামুক্ত করে জনদুর্ভোগ নিরসন করবো ইনশাআল্লাহ।
উদ্বোধনকালে চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই রাস্তার উন্নয়ন কাজের মাধ্যমে এলাকার জনগণের চলাচলে সুবিধা সৃষ্টি হবে। একইসঙ্গে কৃষিপণ্য ও অন্যান্য দ্রব্য পরিবহনেও গতি আসবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও জানান, ইউনিয়নের প্রত্যন্ত এলাকার যেসব রাস্তা দীর্ঘদিন অবহেলিত ছিল, সেগুলো ধাপে ধাপে সংস্কার ও উন্নয়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. মাসুম, ইউপি সদস্য হারিছ ভূঞা, মহিলা সদস্য হেনা রাণী দাস, প্রবীণ সমাজসেবক আসমত আলী, মো. নাজিমুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
এসময় এলাকাবাসী রাস্তা উন্নয়নের কাজ শুরু হওয়ায় ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, এই রাস্তা চালু হলে কান্দুলিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *