কিশোরগঞ্জের কুলিয়ারচরে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত গোরু নিয়ে দিশেহারা শত শত খামারি। এ চর্মরোগটি গবাদিপশুর মাঝে দ্রুত ছড়িয়ে পড়ায় খামারিসহ স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বাজারে এ রোগের প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে বেশ কয়েকটি গোরুর মৃত্যু হয়েছে। এদিকে এই মহামারিতে প্রিয় গবাদিপশুটির চিকিৎসায় উপজেলা প্রাণি সম্পদ বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারি ও কৃষকদের।
স্থানীয় কৃষকরা জানায়, কুলিয়ারচর উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গোরু। সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত গোরু নিয়ে দিশেহারা কৃষক। রোগটির প্রতিষেধক বাজারে না থাকায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে নানা প্রকার ওষুধ সেবন করিয়ে তেমন কোনো ফলাফল পাচ্ছেন না। উল্টো পকেটের টাকা ব্যয় হচ্ছে জলের মতো। ঋণগ্রস্ত হচ্ছেন দরিদ্র কৃষক ও খামারিরা।
তারা জানান, হঠাৎ করে গোরুর শরীরে এই ভাইরাস দেখা দেয়। এই রোগে গোরুর শরীরে তাপমাত্রা খুব বেড়ে যায়। এরপর সারা দেহের চামড়ায় গুটি হয়ে পানি জমে। পরে গলায় ও পায়ে পানি জমে। এ অবস্থায় গোরু খাওয়া বন্ধ করায় দুর্বল হয়ে পড়ে। এইভাবে এক সময় মৃত্যুরকোলে ঢলে পড়ে।
ছোঁয়াচে হওয়ায় দ্রুত এই রোগ গোয়াল বা খামারের অন্যান্য গোরুতে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বেশ কয়েকটি গোরু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলেও তারা জানান। তাদের অভিযোগ, তাদের এই সংকটে স্থানীয় প্রাণি সম্পদ বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা তারা পাচ্ছেন না। তাই তারা দ্রুত সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।
উপজেলার পূর্ব আব্দুল্লাহপুরের খামারি স্বাধীন ও ইয়াসমীন। এদের খামারে ৫টি গাভী রোজ ৩০ কেজি দুধ দিত। এ দিয়ে তাদের সংসার ভালভাবে চলে যেত। গত মাসে লাম্পি স্কিন ডিজিজ হানা দেয় তাদের খামারে। দুধেলগাভীগুলির চিকিৎসায় এ পর্যন্ত ৩০ হাজার টাকার চেয়েও বেশী খরচ হয়েছে বলে জানান। এই মোটা অংকের টাকা খরচ করার পর ৩টি সুস্থ্য হলেও, বাকী দুটি এখনও আক্রান্ত। ঋণ-ধার করে এবং নিজেরা না খেয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এদিকে গাভীগুলি লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দুধের পরিমাণ অনেক কমে গেছে। ফলে তাদের আয় কমে যাওয়ায় খুবই আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের।
স্বাধীন ও ইয়াসমিনের মতো অবস্থা একই এলাকার খামারি হাজি সাত্তার ভূইয়ার। কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ৮টি গোরু লালন-পালন করছিলেন। সারা বছরে এটাই তার রোজগারের একমাত্র অবলম্বন। কিন্তু গত মাসে তার খামারে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দেখা দেয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে করোনার অজুহাতে কেউ তার রোগাক্রান্ত গোরুগুলি দেখতে আসেননি। ফলে বাধ্য হয়ে প্রাইভেট ডাক্তারকে দেখান তিনি। এরই মধ্যে মারা গেছে তার একটি ষাড় গোরু। বাকীগুলো নিয়ে এখন চিন্তিত আছেন তিনি। গোরু বিক্রির সময়ে এই ভাইরাস দেখা দেয়ায় দু’চোখে অন্ধকার দেখছেন তিনি।
কুলিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিখিল চন্দ্র দেবনাথ জানান, গোরুর লাম্পি স্কিন রোগ সারাদেশের মতো এই উপজেলায় ও দেখা দিয়েছে। এ রোগটির সুনির্দিষ্ট কোন ওষুধ নেই। প্রাথমিকভাবে আক্রান্ত গোরুর লক্ষণ অনুযায়ী প্যারাসিটামল, এন্টিহিস্টামিন ও সোডা এবং গোটপক্স ভ্যাক্সিন প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। লাম্পি স্কিন রোগে খামারি বা কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। প্রাপ্তি সাপেক্ষে ভ্যাক্সিন কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে এই ভ্যাক্সিন সবাইকে দেওয়া হবে বলেও জানান তিনি।