• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ২১ জুন থেকে কমছে রোগী, করোনা প্রতিরোধে সারা জেলায় নেয়া হয়েছে নানামুখি পদক্ষেপ

কিশোরগঞ্জে ২১ জুন থেকে কমছে রোগী
করোনা প্রতিরোধে সারা জেলায়
নেয়া হয়েছে নানামুখি পদক্ষেপ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে প্রতিনিয়তই করোনা রোগী শনাক্ত হচ্ছে। আবার প্রতিদিন অনেক রোগী সুস্থও হচ্ছেন। তবে ২০ জুন পর্যন্ত প্রতিদিন কিছু সংক্রমিত রোগী সুস্থ হওয়ার পরও দৈনিক সংক্রমিত রোগীর স্থিতি বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু ২১ জুন থেকে সুস্থতার হার বেড়েছে, আর দৈনিক সংক্রমিতি রোগীর স্থিতিও ক্রমাগত কমছে। এর জন্য স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নানা পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে করোনা মোকাবেলায় সবাইকে উজ্জীবিত করছেন। শহরে যানজট নিরসনেরও উদ্যোগ নেয়া হয়েছে।
আগে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মানুষের মাঝে নির্বিকার ও বেপরোয়া ভাব বেশি পরিলক্ষিত হতো। হাট-বাজার ও রাস্তাঘাটে মাস্কবিহীন মানুষের সংখ্যা অনেক বেশি দেখা যেত। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে বেপরোয়া ভাব কিছুটা স্থিমিত হয়েছে। মাস্ক ব্যবহারের প্রবণতাও আগের তুলনায় বেড়েছে। এছাড়াও বিভিন্ন অফিস আদালতে করোনা প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, জীবানুনাশক স্প্রে করা, টানেলের ভেতর দিয়ে জীবানুনাশক স্প্রে করে সেবা গ্রহিতাদের প্রবেশ করানো এবং সেবা গ্রহিতাদের তামপমাত্রা পরখ করাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সর্বোপরি স্বাস্থ্য বিভাগ সংক্রমিতদের যথাসাধ্য চিকিৎসা সেবা দেয়ার কারণে ইদানিং সুস্থতার হার অনেক বেড়েছে। এমনকি জাতীয়ভাবে যে অনুপাতে সুস্থ হচ্ছে, এর চেয়ে কিশোরগঞ্জে সুস্থতার হার অনেক বেশি। এসব কারণে সম্প্রতি জেলায় সংক্রমিত রোগীর দৈনিক স্থিতি ক্রমাগত কমছে বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, এখানে সবাই সমন্বিতভাবে কাজ করছেন। স্বাস্থ্য বিভাগ অনেক বেশি তৎপর। প্রতিটি হাসপাতাল আন্তরিকতা নিয়ে কাজ করছে, স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখানকার সৈয়দ নজরুল হাসপাতালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর এখন সংগৃহীত নমুনা পেন্ডিং থাকে না বললেই চলে। প্রতিদিনের নমুনা ওইদিনই পরীক্ষা হয়ে যাচ্ছে। যে কারণে দ্রুত রোগী শনাক্ত করে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে। কিশোরগঞ্জে সুস্থতার হারও অনেক বেশি। জাতীয়ভাবে এ পর্যন্ত যে পরিমাণ রোগী শনাক্ত হয়েছে, আর যে পরিমাণ রোগী সুস্থ হয়েছে, তাতে সুস্থতার হার শতকরা ৪৬ ভাগের মত। অথচ কিশোরগঞ্জে সুস্থতার হার ৭৯ ভাগের মত। জেলার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং মাস্ক ব্যবহারের প্রবণতাও বেড়েছে বলে সিভিল সার্জন মনে করেন। তবে সামনে ঈদুল আযহার সময়টা একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেছেন।
করিমগঞ্জের একজন ব্যবসায়ী ঢাকা থেকে সংক্রমিত হয়ে নিজ বাড়িতে গত ৫ এপ্রিল রাতে মারা যান। তিনিই ছিলেন জেলার প্রথম করোনা শনাক্ত ব্যক্তি। এরপর থেকেই সংক্রমণ ছড়াতে থাকে। কমিউনিটি পর্যায়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। জেলার ১৩টি উপজেলাতেই রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে বাণিজ্যিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে সদর এবং ভৈরব উপজেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। সিভিল সার্জন প্রতিদিন করোনা সংক্রান্ত যে ছক বা প্রতিবেদন তৈরি করেন তাতে দেখা গেছে, ২০ জুন পর্যন্ত প্রতিদিনই কিছু রোগী সুস্থ হওয়ার পরও দৈনিক রোগীর স্থিতি বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু ২১ জুন থেকে সুস্থতার পরিমাণ যেমন বেড়েছে, দৈনিক রোগীর স্থিতিও ক্রমাগত কমছে। যেমন ৬ জুন পর্যন্ত জেলায় মোট সংক্রমিত ছিল ৬০২ জন। এদিন পর্যন্ত সুস্থ হয়েছে ২২১ জন, মারা গেছে ১৫ জন। ফলে এদিন রোগীর স্থিতি ছিল ৩৬৬ জন। ১০ জুন পর্যন্ত মোট সংক্রমিত ছিল ৭৬১ জন। সুস্থ হয়েছে ২৫৯ জন, মারা গেছে ১৬ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৪৮৬ জন। ১৫ জুন পর্যন্ত জেলায় সংক্রমিত ছিল ৯৮১ জন। সুস্থ হয়েছে ৩১৪ জন, মারা গেছে ১৮ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৬৪৯ জন। ২০ জুন পর্যন্ত জেলায় মোট সংক্রমিত ছিল এক হাজার ২২০ জন। এদিন পর্যন্ত সুস্থ হয়েছে ৪১৮ জন, মারা গেছে ২০ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৭৮২ জন। অর্থাৎ ২০ জুন পর্যন্ত দৈনিক রোগীর স্থিতি ছিল বৃদ্ধির দিকে। কিন্তু ২১ জুন থেকেই রোগীর স্থিতি কমতে থাকে। এদিন জেলায় মোট সংক্রমিত ছিল এক হাজর ২২৬ জন। এদিন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৪০ জন, মারা গেছে ২১ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৭৬৫ জন। এই ধারায় ২৫ জুন মোট সংক্রমিত ছিল এক হাজার ৩১৭ জন। সুস্থ হয়েছে ৫৪২ জন, মারা গেছে ২২ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৭৫৩ জন। ৩০ জুন পর্যন্ত সংক্রমিত ছিল এক হাজার ৫২০ জন। সুস্থ হয়েছে ৯২৮ জন, মারা গেছে ২৪ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৫৬৮ জন। ৫ জুলাই মোট সংক্রমিত ছিল এক হাজার ৬৩১ জন। সুস্থ হয়েছে এক হাজার ২৪৪ জন, মারা গেছে ২৬ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৩৬১ জন। ৭ জুলাই পর্যন্ত মোট সংক্রমিত ছিল এক হাজার ৬৬০ জন। সুস্থ হয়েছে মোট এক হাজার ৩১৫ জন, মারা গেছে ২৯ জন। এদিন রোগীর স্থিতি ছিল ৩১৫ জন। সবাই আন্তরিক হলে, স্বাস্থ্যবিধি মেনে চললে আগামীতে পরিস্থিতির আরো উন্নতি হবে বলে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *