# নিজস্ব প্রতিবেদক :-
গাজায় ইসরায়েলিদের বর্বর গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশ থেকে বক্তাগণ ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ব্যবসায়ী ও জনগণের প্রতি আহবান জানিয়েছেন। আজ ৭ এপ্রিল সোমবার বিকালে জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াত আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়া প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কাদের ইন্দনে ইসায়েল এরকম গণহত্যা চালানোর সাহস পাচ্ছে, তা সবাই জানে। তাঁরা ইসারায়েলি পণ্য বর্জনের আহবান জানিয়ে বলেন, এসব পণ্যের টাকা দিয়ে অস্ত্র কিনে ইহুদিরা মুসলমানদের হত্যা করছে। বিশ্ববাসীকে ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে নেতারা বলেন, যুদ্ধ বিরতির মাঝেও আন্তর্জাতিক নিয়ম লংঘন করে হামলা চালানো হচ্ছে। হাসপাতালে হামলার কোন নজির বিশ্বে নেই। ইসরায়েল সেখানেও হামলা করে চিকিৎসাধীন শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষকে হত্যা করছে। ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলে বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেছেন।
এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা গাজায় হামলা বন্ধসহ ইসরায়েলি প্রধানমন্ত্রী নিতানিয়াহুর বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।