# নিজস্ব প্রতিবেদক :-
ইসরায়েলি বাহিনীর নির্মম বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ ৭ এপ্রিল সোমবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ভৈরবের তৌহিদী মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে দুর্জয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, কমলপুর মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা হাফিজুল ইসলাম কাসিমী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, এনসিপি নেতা শরীফুল হক জয়, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা আব্দুল হাই, ইউটিউব কন্টেইন ক্রিয়েটর স্বপন আহমেদ, জুনাইদ ইসলাম, জাহিদুল ইসলাম ও শাহরিয়ার প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সারা বিশ্বে ক্ষমতাশালী মুসলিম দেশগুলি কোন প্রতিবাদ করছেন না। কি কারণে তারা চুপ রয়েছে আমরা মুসলমানরা তাদের কাছে জানতে চাই। এছাড়া বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বর্জনের দাবি তুলেন। বক্তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিকট দাবি জানান তিনি বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তিনি যেন বিশ্বের সকল মুসলিম নেতাদের নিয়ে একত্রিত হয়ে গাজায় নির্বিচারে হত্যা ও হামলা বন্ধের উদ্যোগ গ্রহণ করেন।