# জয়নাল আবেদীন রিটন :-
অবশেষে চলতে শুরু করেছে ভৈরব-নরসিংদী-ঢাকা কমিউটার ট্রেন। আজ ২৬ মার্চ বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৬ জন যাত্রী নিয়ে এ ট্রেনটির যাত্রা শুরু করে। ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে যাত্রার শুভ সূচনা হলেও সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা কমলাপুরে ট্রেনটি পৌঁছালে রেল মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে ট্রেনটি ঢাকা যেতে পথিমধ্যে ৯টি স্টেশনে যাত্রা বিরতি রয়েছে। এমনটি জানিয়েছেন ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব ও নরসিংদী স্টেশনে যাত্রীর অধিক চাপ থাকার কারণে ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিলো ভৈরব ও নরসিংদীবাসী। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে বাস্তবায়িত হয়নি দাবিগুলো। এই ট্রেনটি চালু হওয়ায় ভৈরব থেকে ঢাকাগামী সরকারি ও বেসরকারি অফিসের চাকরিজীবী ও সাধারণ মানুষ স্বল্প খরচে বাড়ি থেকে গিয়েই অফিস করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরতে পারবে। মাত্র ৪৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। এছাড়াও মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেওয়া রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রী সাধারণ। ট্রেনটি বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ভৈরব থেকে ছেড়ে গেছে আবার ৯টা ১০ মিনিটে ভৈরবে পৌঁছানোর কথা রয়েছে। তবে কিছু দিনের মধ্যেই ট্রেনটি নিয়মিত ৪ বার আপ ও ডাউন করবে।
ভৈরব থেকে কমিউটার ট্রেনে উঠা প্রথম যাত্রী দেলোয়ার হোসেন সোহেল বলেন, আমার বাড়ি নরসিংদী। আমি সেহরি খেয়ে বাসে করে ভৈরব চলে এসেছি শুধু এ ট্রেনের যাত্রী হবো বলে। এ ট্রেনে সুবিধা হলো ভাড়া অনেক কম। আমার সৌভাগ্য ট্রেনটির প্রথম যাত্রী হিসেবে টিকিটটা আমিই পেলাম।
যাত্রী রুহুল আমিন বলেন, নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি কমিউটার ট্রেনের জন্য। এখন সে স্বপ্ন পূরণ হলো। তবে ট্রেনটিতে নির্ধারিত আসন না থাকায় যাত্রীরা হতাশ। দেখা গেছে ভৈরব থেকে ট্রেনটি ছেড়ে যাবার পর নরসিংদীর আগে আরো কয়েকটি স্টেশন রয়েছে। ট্রেনে নির্ধারিত আসন ব্যবস্থা থাকলে যাত্রীরা বসতে পারতো। এখন সে ব্যবস্থাটা নেই।
সহিদুর রহমান বলেন, বর্তমানে আমাদের দেশের কোনো ট্রেনেই মহিলা যাত্রীদের জন্য আলাদা কোচ বা বগি নেই। তবে এ ট্রেনে মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেওয়া হয়েছে। যাতে করে আমার দেশের যে সকল কর্মজীবী মহিলা আছে তারা তাদের কর্মস্থল অথবা বিশেষ প্রয়োজনে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।
ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান, ভৈরব-নরসিংদী কমিউটার ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী সেবার মান বাড়াতে আজ থেকে চালু করেছে। এ ট্রেনটি আমি নিয়ে যেতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। ট্রেনটি চালু হওয়ায় অন্যান্যদের ট্রেনের যাত্রীদের চাপ অনেকটা কমে আসবে।
বাংলাদেশ রেলওয়ে ট্র্যাফিক পরিদর্শক মো. শাহ জাহান পাটোয়ারী জানান, নরসিংদী ও ভৈরববাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কোচও জনবল সংকটের কারণে ট্রেনটি এতদিন চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কমিউটার ট্রেনটি চালু হচ্ছে। এতে করে যাত্রীদের স্বল্প খরচে রেল ভ্রমণও করতে পারবে এবং রেলওয়ের রাজস্ব বাড়বে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফ বলেন, এ ট্রেনটি নিয়মিত ৪ বার আসা যাওয়া করার কথা থাকলেও আজ ভৈরব থেকে ঢাকা পর্যন্ত ২ বার আসা যাওয়া করবে। কিছুদিনের মধ্যেই ট্রেনটি নিয়মিত ৪ বার আসা যাওয়া করবে বলে রেল কর্তৃপক্ষের চিন্তাভাবনা রয়েছে। ট্রেনটি ভৈরব থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। সকালে ছেড়ে গেছে, আবার রাতের বেলা চলে আসার পর পরদিন সকালে আবারও নিয়মিত সময়ে ছেড়ে যাবে। ট্রেনের গন্তব্য ঢাকা থেকে ভৈরব ও ভৈরব থেকে ঢাকা হওয়ায় ভৈরব থেকেই যাত্রাটি শুভ সূচনা হয়েছে। মাননীয় রেলওয়ে উপদেষ্টা মহোদয় ঢাকায় ট্রেনটির উদ্বোধন ঘোষণা করবেন।