# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ মার্চ মঙ্গলবার সকালে পৌর শহরের পঞ্চবটি পুকুর পাড় মোল্লা বাড়ি থেকে গৃহবধূ ও কালিপুর মধ্যপাড়া এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী। নিহত গৃহবধূ জেলার তাড়াইল থানার ভাওয়াল পরুরা এলাকার মাহবুব আলীর মেয়ে আঁখি বেগম (১৯)। এদিকে স্বামী ইমরান মিয়া (২২) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তালশহর এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে।
জানা যায়, গৃহবধূ আঁখি বেগমের সাথে ৪ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ইমরানের। ৩ বছর আগে তাদের পালিয়ে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পরিবারের লোকজন কেউ মেনে নেয়নি। ভৈরব বাজারে স্টীল ফার্ণিচারের দোকানে কাজ করে ইমরান। সেই সুবাধে ভৈরব পৌর শহরের পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় মোল্লা বাড়িতে ভাড়া বাসায় থাকেন আঁখি বেগম ও তার স্বামী ইমরান মিয়া। তাদের সংসারে দেড় বছরের আতিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে গৃহবধূ আঁখি বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সাথে প্রায় সময়ই ঝগড়া করতো। ২৪ মার্চ সোমবার ইমরানের শাশুড়ী ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে আসে। এ খবর পেয়ে আঁখি বেগম তার মায়ের সাথে সকাল, দুপুর, সন্ধ্যায় একাধিকার দেখা করে। এতে ইমরান মিয়া ক্ষিপ্ত হয়। আজ ২৫ মার্চ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘরে না পেয়ে ইমরান মিয়া ঘোড়াকান্দা তার খালা শাশুড়ীর বাড়িতে যায়। পরে খালা শাশুড়ীর বাড়িতে শাশুড়ী ও বউয়ের সাথে ঝগড়া হয় ইমরানের। স্ত্রীকে মারধর করে টেনে হেছড়ে নিজ বাসায় নিয়ে আসে। এ সময় গৃহবধূ আঁখি বেগমের ঘরের মধ্যে রহস্য জনক মৃত্যু হয়। পরে স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ইমরান। পথিমধ্যেই গৃহবধূ আঁখি বেগম মৃত্যুবরণ করে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও স্বামী ইমরানকে আটক করে।
এ বিষয়ে নিহত গৃহবধূর মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েকে ইমরান হত্যা করেছে। সকালে আমি আমার বোনের বাসায় ছিলাম। আমার মেয়ে আমার সাথে দেখা করতে গেলে ইমরান তার সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে আমার মেয়ে ও আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার মেয়েকে মারধর করে টেনে হেছড়ে বাড়িতে নিয়ে যায়। আমি কিছুক্ষণ পর শুনতে পারি আমার মেয়ে মারা গেছে। আমি ইমরানের কঠিন বিচার চায়।
এ বিষয়ে ইমরান মিয়ার দাবী তার স্ত্রী ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। সে আরো বলে পালিয়ে বিয়ে করায় আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বিয়ে মেনে নেয়নি। তবে আমার স্ত্রীর সাথে তার পরিবারের লোকজন রাস্তায় দেখা করতো। আমি বারংবার বলার পরও আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাড়িতে যায় না। আমার স্ত্রীর দাবী করে তার পরিবারকে আমার বাড়িতে আনতে। কিন্তু তার পরিবার আমাকে বার বার অপমাণ অপদস্থ করে। আজ সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী বাড়িতে নেই। আমি খালা শাশুড়ীর বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলি আমার জন্য নাস্তা রেডি করে কেন আসেনি। এতে কথা কাটাকাটি হলে আমি আমার স্ত্রীকে মারধর করি। এক পর্যায়ে বাড়িতে নিয়ে আসলে সে রাগে ক্ষোভে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এ সময় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর দৌঁড়ে গিয়ে দেখি আমার স্ত্রী ফাঁসিতে ঝুঁলে আছে। তখন তাকে জীবিত পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করে।
অপরদিকে পৌর শহরের কালীপুর মধ্যপাড়া এলাকা থেকে ইমরান মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। সে ওই এলাকার গফুর মিয়ার ছেলে।
নিহতের বড় ছোট ভাই মিলন মিয়া বলেন, আমাদের ৫ ভাই বোনের মধ্যে ইমরান মিয়া দ্বিতীয়। সে মাদকাসক্ত ছিলো। অটো চালিয়ে সংসার চালাতো। তার পরিবারে ১২ বছর ও ১৫ বছরের দুটি সন্তান রয়েছে। ভাই যখন মাদকাসক্ত হয় তখন থেকেই পরিবারে কলহ লেগে রয়েছে। স্ত্রীর সাথে অভিমান করে ২৪ মার্চ দিবাগত রাতের যে কোন এক সময় আমার ভাই সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় তাঁর স্বামী ইমরান মিয়াকে আটক করা হয়েছে। লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।