# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিএনপির একটি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
বিএনপি সূত্রে জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে শনিবার বিকালে স্থানীয় পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা আহবান করা হয়েছিল। এক পর্যায়ে দুই সভাপতি প্রার্থী গোলাপ মিয়া ও আসাদ শেখের সমর্থকদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এসময় এক পক্ষ অপর পক্ষকে চেয়ার নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হলে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহবায়ক পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দিন জানিয়েছেন, সংঘর্ষে উভয় পক্ষে রাজন মিয়া, মজলু মিয়া, শরীফ মিয়া, হবি শেখ ও সুমন মিয়াসহ ৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর বাইরেও কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে কোন পক্ষই মামলা করবে না বলে জানিয়েছেন জালাল উদ্দিন। সংঘাতে জড়িত গোলাপ মিয়া ও আসাদ শেখের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, গতকাল রোববার উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান, মাহমুদুর রহমান, কামাল উদ্দিন ও আব্দুস সাত্তারকে দিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পরবর্তী চার দিনের মধ্যে জেলা কমিটির কাছে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।