# নিজস্ব প্রতিবেদক :-
৭ বছর পর নির্বাচনী তপসিল ঘোষণার পর কিশোরগঞ্জের ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত হয়ে গেল। আগামী ২৮ ফেব্রুয়ারি তিন বছর মেয়াদি কমিটির ভোট গ্রহণের কথা ছিল। ১৬ ফেব্রুয়ারি রোববার প্রার্থীদের মনোয়নপত্র জমা দেবার তারিখ ছিল। কিন্তু অনভিপ্রেত কিছু ঘটনার কারণে প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম রোববার নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। স্থগিতের নোটিশে বলা হয়েছে, ‘উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সমিতির গঠনতন্ত্রের ১৩ এর (ঙ) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডায়াবেটিক সমিতি কিশোরগঞ্জ-এর ২৮/০২/২০২৫ খ্রি. তারিখের নির্বাচনসহ নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হলো।’
সিভিল সার্জন জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এসব কারণে এবং সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির কথা বিবেচনা করে নির্বাচন স্থগিত করা হয়েছে। সর্বশেষ ভোট হয়েছিল ২০১৭ সালে। এরপর ভোটার তালিকা নিয়ে মামলার কারণে এতদিন ভোট হয়নি। এবার ভোটার রয়েছেন প্রায় ১৭শ জন। ভোট হবার কথা ছিল ১৪টি পদে। তবে নির্বাচনকে কেন্দ্র করে দু’টি প্যানেলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।