# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির রোববারের সম্মেলন বাতিল দাবি করে দলের একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ৩১ জানুয়ারি শুক্রবার দুপুরে গোবিন্দপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর গোবিন্দপুর বাজারে সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন সোহেল, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সাত্তার, নূরে আলম এরশাদ প্রমুখ। সম্মেলনটি রোববার সকালে গোবিন্দপুর বাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বক্তাগণ বলেন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেলসহ তাঁর সহযোগীরা নিজেদের মত করে কাউন্সিলর তৈরি করে একটি সাজানো সম্মেলন করতে চাচ্ছেন। এটা দলের নেতা-কর্মীরা মানে না। তাঁরা স্বৈরাচারের দোসরদের কাউন্সিল বাতিল করে কারা নির্যাতিত নেতা-কর্মীদের নিয়ে কাউন্সিল করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে শফিকুল ইসলাম হিমেলকে মোবাইল ফোনে প্রশ্ন করলে বলেন, সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। আর মিছিল করেছে মূলত যুবদল। তাদের কোন সাংগঠনিক এখতিয়ার নেই সম্মেলনের বিরুদ্ধে মিছিল করার। তবে সিরাজ উদ্দিন বলেন, কথাটা ঠিক নয়। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলামসহ একাধিক বিএনপি নেতা মিছিলে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনকে একাধিকবার ফোন করলে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।