• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে খাল খননের দোহাই দিয়ে ভেকু দিয়ে মালিকানা ফসলি জমি কাটার অভিযোগ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবের খাসহাওলা গ্রামে কোদালকাটি খাল কাটার নামে মালিকানা ফসলি জমি কাটার অভিযোগ উঠেছে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে একসপ্তাহ যাবত ওই এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মেসার্স মুমিনুল হক এণ্ড হাসান কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কোদাল কাটি খাল খননের কাজ পায় গত বছর। খালটি মেঘনা নদীর মোহনা মহেশপুর এলাকা থেকে কালিকাপ্রসাদের ছিদ্দিরচর পর্যন্ত এক্সেভেটর ও শ্রমিকের মাধ্যমে খাল খনন করে দুই পাশে রাস্তা তৈরি করে গাছ রোপণের মাধ্যমে খালের সৌন্দর্য বর্ধন করা। কাজ পেয়েই গত বছর বর্ষা মৌসুমে এক্সেভেটরের পরিবর্তে ১২ থেকে ১৫টি বাংলা ও লোড ড্রেজার দিয়ে অবৈধ পন্থায় লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করে কৃষি জমির ক্ষতি করায় স্থানীয় কয়েকটি গ্রামের শতশত মানুষজন ফুঁসে ওঠে।
আরো জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর ভৈরব উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন শিমুলকান্দি ইউনিয়নের কয়েকশত কৃষক।
অবৈধভাবে ড্রেজার দিয়ে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল। ফলে কৃষকের শত শত বিঘা ফসলি জমি নষ্ট হওয়ায় ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার ও শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান বরাবর একাধিক লিখিত অভিযোগ দিয়ে ছিলেন। শুকনো মৌসুমে এক্সেভেটর দিয়ে খাল খননের অনুমতি নিয়ে ওয়ার্ক অর্ডারে নির্ধারিত সময়ের একমাস আগে ড্রেজারে বালু লুট করার অভিযোগ রয়েছে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের দোহাই দিয়ে এই বছর আবারো নতুন করে স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালীদের ম্যানেজ করে ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করেন ঠিকাদার প্রতিষ্ঠানটি।
২০ জানুয়ারি রোববার কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওয়া এলাকায় কোদাল কাটি খালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুইটি ভেকু মাটি কাটার জন্য গ্রামের পূর্বপাশে দাঁড়িয়ে আছে। খালের এক পাশে খাসহাওলা গ্রাম অপর পাশেই আদর্শ পাড়া গ্রাম। খালের সাথে রয়েছে আদর্শ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিও রয়েছে ঝুঁকিতে। মাটি কাটার ফলে যে কোন মুহুর্তে হেলে পড়তে পারে বিদ্যালয়ের ভবন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, খাসহাওলা গ্রামের কোদালকাটি খাল ছিল না। বসতি গড়তে ও রাস্তা তৈরিতে নিচুভূমি থেকে মাটি কাটে এলাকাবাসী। এতেই খালে পরিণত হয়। আমাদের গ্রামের মানুষ জমি চাষ করে খায়। বর্তমানে খালটি এক ফসলি জমিতে পরিণত হয়েছে। প্রতি কানি জমিতে ৩০ মণ ধান হয়। এমন কৃষক আছে এই ফসলের উপর সারা বছরের খাবারের চাহিদা মিটাই। সরকার যদি জমি নিতে হয় আমাদের ভর্তুকি দিয়েই নিতে হবে। সরকারের কোন লোক আমাদের কাছে আসে না তবে প্রভাবশালী একটি মহল আমাদের হুমকি ধামকি দিচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন, আবু কালাম, মধু মিয়া, মাহমুদা বেগম জানান, খাসহাওলা গ্রামের ফসলি জমি সকল কাগজপত্র আমাদের রয়েছে। আমরা নিয়মিত খাজনাও পরিশোধ করছি। কয়েক শতাধিক কানি জমি থাকলে সরকারি খাস জমি রয়েছে ৭ শতক জমি। কিন্তু তারা কীভাবে সরকার আমাদের জমির উপর খাল খননের সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের জানা নেই। এই জমিগুলোতে আমরা চাষাবাদ করে সংসার চালায়। সরকার যদি নিতে হয় আমাদের ন্যায্যমূল্য পরিশোধ করে জমি নিয়ে যাবে তাতে আমাদের কোন বাধা নেই। আর যদি কোনো কুচক্রিমহল দখল করে জমি কাটতে আসে তাহলে তাদের আমরা যে কোন মূল্যে প্রতিহত করবো।
এ বিষয়ে আদর্শ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিয়া সুলতানা রউফ বলেন, ইতিমধ্যে বিদ্যালয়ের সিমানা পিলার ভেঙ্গে পড়েছে। এখন যদি খাল খনন হয় যে কোন মুহূর্তে বিদ্যালয়ের দেয়াল হেলে পড়তে পারে।
এ বিষয়ে ভৈরব উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের জানান, কোদালকাটি খাল খননের কাজ বেশ কয়েকদিন বন্ধ ছিল। ঠিকাদার পুনরায় কাজ চালুর বিষয়ে আমার কাছ থেকে লিখিত কোনো নির্দেশনা নেইনি। তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে ভেকু দিয়ে মাটি কাটতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মালিক সেলিম মিয়া বলেন, কোদালকাটি খাল খনন একটি সরকারি প্রজেক্ট। আমি কাজ পেয়েছি কাজ করবো। কাজ করতে গিয়ে কোন এলাকার মানুষ বাধা দিলে সেটি প্রশাসন দেখবে। আমি কোন ফসলি জমি ক্ষতি করে কাজ করতে যায়নি। প্রশাসন অনুমতি দিলে আমি কাজ করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, উপজেলার খাসহাওলা গ্রামে কোদালকাটি খাল পুনরুদ্ধারের এলজিআরডি প্রকল্প গ্রহণ করেছে। এটি আমি সরেজমিনে ঘুরে দেখেছি। এলাকার লোকজনে কি চাহিদা বা প্রয়োজন আমি জেনে এসেছি। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) সেখানে কাগজপত্র নিয়ে গিয়ে রেকর্ডপত্র যাচাই বাছাই করেছে। আরো যাচাই বাছাই শেষে এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ২০২৩ সালে কোদালকাটি খাল খননের নামে অবৈধ লোড ড্রেজার ও বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়া আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহলের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে ৫০ জন আহত হয়। এছাড়াও দফায় দফায় এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচী পালন করে ও সংঘর্ষের মতো ঘটনা ঘটে। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোটা অঙ্কের টাকা খেয়ে বাংলা লোড ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অনুমতি দেন। এলাকাবাসীর সংঘর্ষ, মানববন্ধন কোন কিছুর কর্ণপাত করেন না তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *