• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
  • English Version

অষ্টগ্রামের বিএনপির সভাপতির বিরুদ্ধে একাংশের নেতা-কর্মী একজনকে পাঠান কারাগারে

অষ্টগ্রামের বিএনপির সভাপতির
বিরুদ্ধে একাংশের নেতা-কর্মী
একজনকে পাঠান কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ একাংশের নেতা-কর্মীদের। দলের নেতা-কর্মীসহ বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেনা বাহিনী স্থানীয় মেঘনা নদী থেকে ড্রেজারও জব্দ করেছিল।
সম্প্রতি মো. শাহাবুদ্দিন নামে দলের এক নেতাকে সাঈদ আহমেদ তাঁর লোকজন দিয়ে মারধর করিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখন শাহাবুদ্দিন কারাগারে। ১৯ জানুয়ারি রোববার বিএনপির একাংশের নেতা-কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শাহাবুদ্দিনের ছোট ভাই বিএনপি কর্মী মন্টু মিয়া ও বিএনপির স্থানীয় একাধিক নেতার সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে সাঈদ আহমেদ তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মন্টু মিয়া জানান, তাঁরা এবং সাঈদ আহমেদ পূর্ব অষ্টগ্রামের বাসিন্দা। মন্টু মিয়া ও তাঁর ভাই শাহাবুদ্দিন পূর্ব অষ্টগ্রাম এলাকায় একটি ফিসারি এক মৌসুমের জন্য লিজ নিয়েছিলেন দুই লাখ ৬৫ হাজার টাকায়। সেটি সাঈদ আহমেদ দুই মাস আগে জোরপূর্বক দখল করে মাছ শিকার করছেন। মন্টু মিয়াদের এক টাকাও ফেরত দেননি। আবার শনিবার সাঈদ আহমেদের লোকজন শাহাবুদ্দিনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শাহাবুদ্দিন বহু বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) উপজেলা শাখার সদস্য। মন্টু মিয়াও আওয়ামী লীগ আমলে রাজনৈতিক মামলার শিকার হয়েছিলেন বলে জানান।
শাহাবুদ্দিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জিসাস ও বিএনপির নেতা-কর্মীরা রোববার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শাহাবুদ্দিনের মুক্তি ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করে বক্তৃতা করেছেন উপজেলা জিসাস আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোশারফ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মীর তাপস, উপজেলা জিসাসের সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।
সাঈদ আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় গত ১৮ নভেম্বর জেলা কমিটি কারণ দর্শানোর নোটিশ করেছিল। এর জবাবও তিনি দিয়েছেন। সৈয়দ সাঈদ আহমেদকে এসব অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে জানান, তাঁর বিরুদ্ধে আনা ফিসারি দখল ও শাহাবুদ্দিনকে মারধরের অভিযোগসহ সব অভিযোগ মিথ্যা। শাহাবুদ্দিনকে একটি মামলার আসামি হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলকে এসব অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি এ ব্যাপারে কোনরকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে উপজেলা কমিটির সহ-সভাপতি দেউঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জানান, আবু সাঈদের কারণে দলের অনেক ক্ষতি হচ্ছে। তিনি দলের নাম বিক্রি করে নানা রকম অনিয়ম করছেন। এ ব্যাপারে ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করবেন বলে তিনি জানিয়েছেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, অষ্টগ্রামে দলের মধ্যে বিরোধ আছে। এসব কারণে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে। সাঈদ আহমেদও একজন কারা নির্যাতিত নেতা। এর আগে সাঈদ আহমেদ যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন, তাতে জেলা কমিটি সন্তুষ্ট। তবে তাঁর বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ উঠেছে, সেগুলিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, শনিবার শাহাবুদ্দিনকে লোকজন আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিয়ে আসে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের ওপর ২০১৭ সালে অষ্টগ্রামে হামলা হয়েছিল। এ ঘটনায় গত নভেম্বর মাসে একটি মামলা হয়েছিল। মামলায় শাহাবুদ্দিন ৮৬ নম্বর আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *