# মিলাদ হোসেন অপু :-
সড়ক দুর্ঘটনায় নিহত আপন দুই বোনসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ভৈরবের হাইওয়ে থানা পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার রাতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের সদস্যরা মরদেহগুলো নিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিঞা।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ নারী ও ২ পুরুষসহ ৫ জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার পর কাভার্ড ভ্যান চালকরা পালিয়ে গেলেও দুইটি কাভার্ড ভ্যান ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলেন, পরশ আলির ছেলে সিএনজি চালক শাহীন আলম (২৩) ও আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)। তারা দুইজনই নরসিংদীর রায়পুরা জেলার মির্জাপুর ইউনিয়ন এর পিরিজকান্দি বাসিন্দা।
নিহত তিন নারীর মধ্যে আপন দুই বোন কুলিয়ারচর উপজেলার জগতচর পশ্চিগ্রাম এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে ছহুরা খাতুন (৭২) ও হালিমা খাতুন (৬২)। আরেক নারী তাদেরই আত্মীয় ও একই এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।
এ বিষয়ে চালক শাহীন আলমের বাবা পরশ মিয়া বলেন, ৫ বছর আগেও আমি আমার এক ছেলেকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আজ আবার আমার আরেক ছেলেকে হারালাম। নিষ্ঠুর সড়ক আমার সন্তান কেড়ে নিয়েছে। আমি কভার্ড ভ্যান চালকদের বিচার চাই।
এ বিষয়ে নিহত রাজনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, বাজার করতে আমার ছেলে ভৈরবে যাচ্ছিল। সকালে নাস্তা খেয়ে আমার সাথে কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ফোন আসে আমার ছেলে এক্সিডেন্ট করেছে। আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এখন কীভাবে চলবো।
স্থানীয়দের বরাতে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিঞা জানান, সকালে নরসিংদীর নিলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এসময় অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানের ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।
ওসি বলেন, কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক দুজন পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।