# নিজস্ব প্রতিবেদক :-
মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা মিলনায়তনে বীর মুুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা ছিল। সেখানে আলোচক হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী তাঁর বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে। এসময় মিলনায়তনে উপস্থিত অন্য মুক্তিযোদ্ধারা করতালি দেন।
বক্তব্যে ইদ্রিছ আলী মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের ছবি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রচারিত পোস্টারের সমালোচনা করেন। তিনি বলেন, একাত্তর আর ২৪-এর আগস্ট এক নয়। ৫ আগস্ট ক্ষমতার হাত বদল হয়েছে। আর একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল। পোস্টারে শহীদ মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া যেত বলে তিনি মন্তব্য করেন। এসময় অন্য মুক্তিযোদ্ধারা করতালি দিয়ে সমর্থন ব্যক্ত করেন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক দুই কমান্ডার কেএম মাহবুব আলম এবং মিজানুর রহমানও তাদের বক্তৃতায় ইদ্রিছ আলীর বক্তব্যের প্রতি সমর্থ জানান। তবে মাহবুব আলম বলেন, ‘একাত্তরে হয়েছিল বিপ্লব, আর ৫ আগস্ট হয়েছে গণঅভ্যুত্থান। গত ১৬ বছর এই অনুষ্ঠানে আমরা মন খুলে কথা বলতে পারিনি। নির্দেশনা দেওয়া থাকতো, কী বলা যাবে আর কী বলা যাবে না।’
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, আমাদেরকে একাত্তরের চেতনা ধারণ করতে হবে। একাত্তরের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি একাত্তরের শহীদ ও নির্যাতিত মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক জেলা কমান্ডার এবি সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী। অনুষ্ঠানের শুরুতে একাত্তরের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।