করোনা পরিস্থিতির কারণে বরাবরের মত এবার আর মাঠে ডিজিটাল মেলা হচ্ছে না। এবারের ডিজিটাল মেলা-২০২০ আয়োজন করা হয়েছে অনলাইনে। দেশের ৬৪ জেলায় এই মেলার আয়োজন করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এ-টু-আই’র সহযোগিতায় ৬৪ জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার জন্য অনলাইনে ডিজিটাল মেলা হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সেবা কার্যক্রমের বিষয়গুলো জেলা তথ্য বাতায়নে আপলোড করা হয়েছে। সেখান থেকে মেলার ১নং প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে ই-সেবা। ২নং প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, এজেন্ট ব্যাংকিং, রুরাল ই-কমার্স ও অন্যান্য প্রতিষ্ঠান। ৩নং প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে শিক্ষা ও কর্মসংস্থান। আর ৪নং প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ।
মেলা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যেমে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হবেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হবেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।