# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের যুবক লেদার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ শাওন জয় করলেন হিমালয় পর্বতমালার ‘আমা দাবালাম’ পর্বত। তিনি পঞ্চম বাংলাদেশী হিসেবে এই পর্বত শৃঙ্গ জয় করলেন। এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে এই পর্বত জয় করেছিলেন বাবর আলী। এর পর নিশাত মজুমদার, কাউসার রূপক ও তৌফিক তমালও এই পর্বত জয় করেন। রোববার সকালে ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার ‘আমা দাবালাম’ শৃঙ্গে উঠে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেন শাওন। কিশোরগঞ্জের কোন পর্বতারোহীর এটাই প্রথম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয়ের রেকর্ড।
শাওন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার তারেক আহমেদ আবাদ ও প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আহমেদ শিউলির প্রথম সন্তান।
শিরিন আহমেদ জানান, তাদের দুই সন্তানের মধ্যে ছোট ছেলে সিভিল ইঞ্জিনিয়ার সোহান আহমেদ তন্ময়ও বড়ভাই শাওনের সাথে ২০২১ সালে হিমালয়ের অন্য একটি পর্বত ‘চুল্লু ফাড়ি’ জয় করে এসেছেন। এবার শাওন জয় করলেন ‘আমা দাবালাম’ পর্বত শৃঙ্গ।
শাওনের মা শিরিন আহমেদ জানান, শাওন বর্তমানে একটি আমেরিকান সংস্থা ভিএফ কর্পোরেশনের সিনিয়র প্ল্যানার পদে কর্মরত আছেন। তিনি ২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘ভার্টিকাল ড্রিমার্স’ নামে একটি পর্বতারোহী ক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। ‘স্নোয়ি হরাইজন টেক্স এন্ড এক্সপেডিশন’ নামে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তির সূত্রে শাওন ‘আমা দাবালাম’ জয়ের মনস্থির করেন। শিরিন আহমেদ জানান, ‘আমা দাবালাম’ পর্বতটি খুবই খাড়া প্রকৃতির। এই পর্বতশৃঙ্গ জয় করতে গিয়ে এ পর্যন্ত ৩৪ জন আরোহী প্রাণ হারিয়েছেন। যে কারণে শাওনকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু শাওন নাছোর বান্দা। তিনি যাবেনই। ৪ নভেম্বর সোমবার সকালে ‘আমা দাবালাম’ শৃঙ্গে পৌঁছার পতাকা হাতে ছবি পাঠিয়েছেন মায়ের মোবাইল ফোনে। এটি পেয়ে যেমন স্বস্তি পেয়েছেন, আনন্দও লাগছে বলে জানালেন মা শিরিন আহমেদ।
শাওন ১৩ অক্টোবর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন। ১৫ অক্টোবর তিনি নেপালের বামেছাপ বিমান বন্দরে পৌঁছালেও বৈরি আবহাওয়ার কারণে সেখানে দুদিন অপেক্ষা করতে হয়। আবহাওয়া কিছুটা ভাল হলে তিনি কিছুটা পথ হেঁটে এবং কিছুটা পথ গাড়িতে করে ‘আমা দাবালাম’ পর্বতের বেস ক্যাম্পে পৌঁছান ২৪ অক্টোবর। সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে তিনি বেস ক্যাম্প থেকে একবার ক্যাম্প-২ ঘুরে আসেন। তখনও বৈরি আবহাওয়া ছিল। যে কারণে আবার অপেক্ষার পালা। আবহাওয়ার উন্নতি হলে গাইড বীর তামাংকে সঙ্গে নিয়ে তিনি ১ নভেম্বর রওনা দিয়ে উঠে যান ক্যাম্প-২ এ। সেখান থেকে ২ নভেম্বর মধ্যরাতে রওনা হন ‘আমা দাবালাম’ পর্বত শৃঙ্গের উদ্দেশ্যে। রোববার সকালে তিনি দেশের লাল-সবুজের পতাকা নিয়ে উঠে যান আমা দাবালামের শৃঙ্গে। রোববারই তিনি বেস ক্যাম্পে নেমে আসেন। তবে আবহাওয়া বৈরি থাকার কারণে তিনি মায়ের সাথে যোগাযোগ করতে পারেননি। তবে ৪ নভেম্বর সোমবার সকালে তিনি মায়ের কাছে দেশের পতাকা নিয়ে ‘আমা দাবালাম’ শৃঙ্গে আরোহণের ছবি পাঠিয়েছেন।
মা শিরিন আহমেদ জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে তিনি ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কয়েকদিন মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। যেহেতু এর আগে ওই পর্বতে আরোহন করতে গিয়ে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেই কারণেই আরও বেশি আতঙ্কে ছিলেন। অবশেষে সোমবার সকালে পতাকা হাতে ছবি পেয়ে মায়ের মনে স্বস্তি ফিরে এসেছে। মা শিরিন আহমেদ অত্যন্ত খুশি এবং গর্ববোধ করছেন ছেলের এমন একটি বিরল কৃতিত্ব অর্জনে। তিনি বলেন, এই অভিযানে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। শেরপাকেই দিতে হয়েছে একলাখ টাকা। আরোহীদের বিশেষ পোশাক কিনতে খরচ হয় ৯০ হাজার টাকা। সেটি দিয়েছে তার চাকুরির প্রতিষ্ঠান। বাকি টাকা নিজেকে খরচ করতে হয়েছে। হিমালয়ের খুম্বু অঞ্চলের সুপার টেকনিক্যাল পিক ‘আমা দাবালাম’ প্রথম বাংলাদেশী হিসেবে জয় করেছিলেন বাবর আলী। এর পর নিশাত মজুমদার, কাউসার রূপক ও তৌফিক তমালও এই পর্বত জয় করেন। তারাই ছিলেন শাওনের অনুপ্রেরণার উৎস। শাওন হলেন এই পর্বত জয় করা পঞ্চম বাংলাদেশী। ‘আমা দাবালাম’ অভিযানে যাওয়ার প্রস্তুতি হিসেবে শাওন গত তিন মাসে ৭০০ কিলোমিটার দৌঁড়েছেন। কার্ডিও প্রাকটিস করেছেন ২৮ ঘন্টা। শাওন এর আগে ভারতের ৬ হাজার ৩০৭ মিটার উচ্চতার ‘দেও তিব্বা’ পর্বত, ৬ হাজার ৩০৭ মিটার উচ্চতার ‘রামজাক’ পর্বত এবং নেপালের ৬ হাজার ৫৯ মিটার উচ্চতার ‘চুল্লু ফারইস্ট’ পর্বত শৃঙ্গও জয় করেন।
শাওনের স্ত্রী সহপাঠী নিগার পারভীন নিপুও একজন লেদার ইঞ্জিনিয়ার। এরা দুজন ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। স্ত্রী নিপুন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করার পর এখন নিজেই একটি লেদার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই দম্পতির মির্জা আহমেদ এরিন নামে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
ছেলের নানামুখি প্রতিভা ও শখের বর্ণনা দিতে গিয়ে মা শিরিন আহমেদ জানান, চিত্রাঙ্কন ও মোমের কারুকাজে শাওন বিশেষ পারদর্শী। বাগান ও ব্যক্তিগত পাঠাগারের প্রতি তার বেশ নেশা। তার পাঠাগারে প্রায় এক হাজার বইয়ের সংগ্রহ রয়েছে। শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত ফুটবলার ছিলেন। ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। রক্তদান সমিতি বাঁধনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকও ছিলেন। শাওন সাইক্লিং পছন্দ করেন। গত ঈদুল ফিতরের সময় তিনি দেশের পূর্ব-পশ্চিম দিকে ৪৮৪ কিলোমিটার সলো ক্রস কান্ট্রি সাইক্লিং করেন। নিয়মিত মেরাথনেও অংশ নেন।