# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরে ১ হাজার ৩৬৩ দশমিক ৫৭ একর আয়তনের বিশাল আলোচিত জলমহাল ‘বেংলা চরাবাদা’ জলমহাল। এই জলমহালের দখল নিয়ে বিভিন্ন সময় খুনখারাবিসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারও এরকম একটি অভিযোগ উঠছে বিএনপির সাবেক এমপি প্রয়াত মুজিবুর রহমান মঞ্জুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সরকারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা দিয়ে জলমহাল ইজারা নিয়েও দখলে রাখা গেল না বলে অভিযোগ উঠেছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের সুযোগে জোরপূর্বক দখল করে নিলেন প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ভাই আর সন্তানেরা। ক্ষতিগ্রস্তরা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বর্ণনা দিয়েছেন। এ বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
বাজিতপুর উপজেলার সুভারামপুর গ্রামের আনিছুর রহমান, দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও কাইমের বাউলী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ ২৬ অক্টোবর শনিবার দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরিতে জলমহাল দখলের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেন, বাজিতপুরের বেংলা চরাবাদা জলমহালটি বার্ষিক ৫৪ লাখ ৩১ হাজার ৮২৯ টাকা হারে ১৪৩১ বঙ্গাব্দ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা নিয়েছিল কাইমের বাউলী মৎস্যজীবী সমবায় সমিতি। সমিতির এত টাকা পরিশোধ করার সামর্থ্য না থাকায় দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও আনিছুর রহমানকে শেয়ার দিয়ে মৎস্যজীবী সমিতি একটি চুক্তিপত্র করে। চুক্তিপত্র অনুযায়ী আব্দুল কাইয়ুম ও আনিছুর রহমান সমুদয় টাকা পরিশোধ করে জলমহালের লভ্যাংশের ৬০ ভাগের মালিক হবেন। আর ৪০ ভাগের মালিক থাকে মৎস্যজীবী সমবায় সমিতি। এলাকার প্রায় ২৫০টি মৎস্যজীবী পরিবার ৪০ ভাগ লভ্যাংশের টাকা ভাগ করে নেবে।
গত ৩১ মার্চ সমুদয় টাকা পরিশোধ করার পর জলমহালটি মৎস্যজীবী সমবায় সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর লাখ লাখ টাকা খরচ করে জলমহাল রক্ষণাবেক্ষণে দুটি ঘর নির্মাণ, ৬টি ইঞ্জিনচালিত নৌযান, মাছের অভয়াশ্রম তৈরি, মাছের খাবার সরবরাহ ও শ্রমিকের বেতন প্রদান করা হয়। ইজারার পর থেকে ইজারামূল্য পরিশোধসহ ৫ মাসে সর্বমোট খরচ হয়েছে এক কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৮২৯ টাকা। কিন্তু সরকার পরিবর্তনের সুযোগে বিএনপির প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছোটভাই উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক ডালহৌসী, মুজিবুর রহমান মঞ্জুর দুই ছেলে মোস্তাফিজুর রহমান মামুন ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. রুবেল মিয়াসহ ১৪ ব্যক্তি গত ৬ আগস্ট আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে জলমহালে হামলা চালিয়ে কর্মরত লোকদের মারধর করে দুটি ঘর ও ৬টি নৌকা দখল করে নেন। অভিযুক্তরা সবাই বিএনপির লোক বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। অথচ তখন পর্যন্ত প্রকৃত ইজারা প্রাপ্তরা কোন মাছই আহরণ করেননি।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও কৈলাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিমসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে একটি দরবারে ক্ষতিগ্রস্তদের এক কোটি ৩২ লাখ টাকা ফেরত দানের সমঝোতা হয়েছিল। সেই মোতাবেক গত ২৮ সেপ্টেম্বর দখলদাররা ৫০ লাখ টাকা ফেরতও দেন। এখন আর কোন টাকা দিচ্ছেন না। সংবাদ সম্মেলনে বলা হয়, জলমহালে এ পর্যন্ত যত টাকা খরচ হয়েছে, সমুদয় টাকা ফেরত দিলে তাঁরা জলমহালের দাবি ছেড়ে সরে আসবেন। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে কৈলাগ ইউপি চেয়ারম্যান আব্দুল করিমও দরবারের কথা স্বীকার করে ক্ষতিগ্রস্তদের টাকাগুলো দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন।
এ ব্যাপারে প্রয়াত এমপির ভাই আবু বকর সিদ্দিক ডালহৌসী বলেছেন, জলমহালটি এক সময় মৎসীবী সমিতির মাধ্যমে তার ভাই প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জু ভোগ করতেন। পরবর্তীতে আওয়ামী লীগের সাবেক এমপি আফজাল হোসেনের দখলে চলে যায়। তবে এখন দখলের অভিযোগ অস্বীকার করে ডালহৌসী বলেছেন, মৎস্যজীবী সমিতির কয়েকজন কর্মকর্তার মাধ্যমেই তারা জলমহালে ঢুকেছেন। জলমহালে পুঁজিও খাটাচ্ছেন। আর জলমহাল দখলের বিষয়ে দরবার হয়েছে স্বীকার করলেও টাকা লেনদেনের কথা অস্বীকার করেছেন ডালহৌসী।
এদিকে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারশিদ এনাম জানিয়েছেন, জেলা প্রশাসকের কাছে যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান তাকে অবহিত করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকার জলমহাল ইজারা দেয় একটি মৎস্যজীবী সমিতিকে। এর পর সমিতি অন্য কাউকে শেয়ার দিলে সেটি প্রশাসনের দেখার বিষয় নয়। তবে মৎস্যজীবী সমিতি কোন সমস্যার কথা জানালে তখন ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।