# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৬ অক্টোবর শনিবার দিনভর বিশেষ অভিযান পরিচালনা করে দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ মোল্লা ফিলিং স্টেশনের সামনে থেকে আওয়ামী লীগ নেতা ও সন্ধ্যায় শহরের কমলপুর এলাকা থেকে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে রাশিদ বাউল (৫৫)। অপর আসামি শহরের লক্ষ্মীপুর তাঁতারকান্দি এলাকার হেলিম মিয়ার ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাব্বি মিয়া (৩১)।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহার ভুক্ত আরো ১১ জন ও অজ্ঞাত ৩ জন নেতাকে আটক করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতা রাশিদ বাউল ও ছাত্রলীগ নেতা রাব্বী মিয়া।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় আলম সরকার ও রুবেল মিয়া নামের দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন।
এ ছাড়াও একই ঘটনায় জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় রাশিদ বাউল ও রাব্বী মিয়া জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।