# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দেবী দুর্গার প্রতি অপমানজনক ফেসবুক পোস্ট করে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি ইটনা উপজেলার চৌগাঙ্গা এরাকার মো. কাজল মিয়ার ছেলে মো. আলীরাজ (২৩)। এ ঘটনায় সদর থানার এসআই বিল্লাল হোসেন মঙ্গলবার রাতে আলীরাজকে গ্রেপ্তার করেন। এরপর তিনি বাদী হয়ে ২৯৫-ক ধারায় বুধবার সদর থানায় মামলা (মামলা নং ১৬) দায়ের করেন। বুধবারই আদালতের মাধ্যমে আলীরাজকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইংরেজিতে ‘মো. আলীরাজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে ওই যুবক নিজের মোবইল ফোনের মাধ্যমে গত ৫ আগস্ট আপলোড করা পোস্টে দেবী দুর্গাকে গোমাংস খাওয়ানোর কথা লিখে একটি ব্যঙ্গচিত্র দেন। এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে জানতে পেরে এসআই বিল্লাল হোসেন মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জেলা শহরের একরামপুর রেলক্রসিং এলাকার আমির হামজা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ওই মোবাইল ফোনসহ আলী রাজকে আটক করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।