# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বের অনেকে ৫ আগস্টের পর থেকেই গাঢাকা দিয়েছিলেন। তবে তৃণমূলের নেতা-কর্মীসহ অল্প কয়েকজন নেতা যার যার বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু ৩১টি মামলা হবার পর সম্প্রতি জেলা পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরদেরও এখন গ্রেপ্তার শুরু হয়েছে। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পেশাল পিপি ও বীর মুক্তিযোদ্ধা এমএ আফজলকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও। অনেককে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। যে কারণে জেলার শীর্ষ নেতৃত্ব ছাড়াও তৃণমূলের নেতা-কর্মীরাও এখন আতঙ্কে গাঢাকা দিয়েছেন।
কিশোরগঞ্জে আওয়ামী লীগ আর বিএনপি দুটো দলই শক্তিমত্তায় প্রায় সমানে সমান। জামায়াতে ইসলামীর প্রকাশ্য শক্তি বোঝা না গেলেও গোপন সাংগঠনিক তৎপরাতায় এতদিনে এদেরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে। তুলনামূলক নিরপেক্ষ নির্বাচন হলেও জেলার ৬টি সংসদীয় আসনের বেশিরভাগ আসনে প্রায়ই আওয়ামী লীগ জয়ী হতো। বড় বড় মিছিল হতো, বড় বড় সমাবেশ হতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানা এবং আদালতে ৩১টি মামলা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন। এসব মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ছাড়াও জেলার পাঁচ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাদেরও আসামি করা হয়েছে। মামলায় যাদের নাম আছে, তারা তো জেনেবুঝেই গাঢাকা দিয়েছেন, সতর্ক থাকছেন। কিন্তু তৃণমূলসহ অন্যান্য নেতা-কর্মীরা ‘অজ্ঞাত আসামি’ আতঙ্কে বেশি কাতর হয়ে আছেন। একেকটি মামলায় ২০০ থেকে ৩০০ অজ্ঞাত আসামিও রয়েছে। ফলে যে কাউকে যে কোন সময় আটক করে কোন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। ফলে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির চাপ আর মামলার চাপে এখন কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীশূন্য অবস্থায় উপনীত হয়েছে। অবশ্য আত্মগোপনে থেকে কেউ কেউ ফেসবুকে সরবও রয়েছেন।
কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানিয়েছেন, প্রতিটি মামলায় নাম উল্লেখ করে যেমন আসামি করা হয়েছে, অজ্ঞাত আসামিও করা হয়েছে। নামীয় আসামি ছাড়াও অজ্ঞাত আসামি হিসেবে আটক করেও অনেককে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ৫ আগস্টের পর জেলায় মোট ৩১টি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কতজন গ্রেপ্তার হয়েছেন, সেটি তিনি বলতে পারেননি।