# নিজস্ব প্রতিবেদক :-
সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও জলমহাল দখলসহ বিভিন্ন অভিযোগে নিকলী উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুকে জেলা কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ৯ অক্টোবর বুধবার তার স্বাক্ষরে পাঠানো নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছন।
নোটিশে বলা হয়েছে, মিঠু আহবায়ক থাকাবস্থায় ছাতিরচর ইউনিয়ন বিএনপির বিশৃংখলা মিমাংসা করেননি। মিঠুর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় তার লোকজন নিকলীর বিভিন্ন জলমহাল জোরপূর্বক দখলে নিয়োজিত আছেন। মিঠু নিজে জেলা বিএনপির নির্দেশ অমান্য করে একটি জলমহালে জোরপূর্বক প্রবেশ করতে না পেরে মিঠুর পরামর্শে তার পক্ষের এক ব্যক্তিকে দিয়ে ওই জলমহালের সাথে সংশ্লিষ্ট লোকজন ও বিএনপির লোকজনসহ নিরীহ লোকদের নামে এবং নিকলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির নামে একটি মামলা করিয়েছেন।
এমতাবস্থায় মিঠুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য নোটিশে বলা হয়েছে।
এ ব্যাপারে বদরুল মোমেন মিঠুকে প্রশ্ন করলে জানান, জলমহালের বিষয়ে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলি অমূলক। তিনি কোন জলমহালের সাথে জড়িত নন বলে জানান। নোটিশ হাতে পাওয়ার পর তিনি এর জবাব দেবেন বলে জানিয়েছেন।