• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বিলের পানির ওপর ভাসছে কীটনাশকমুক্ত তাজা সবজি

কৃষক ফয়েজ উদ্দিন ভাসমান বেডে উৎপাদিত লাউ দেখাচ্ছেন -পূর্বকণ্ঠ

বিলের পানির ওপর ভাসছে
কীটনাশকমুক্ত তাজা সবজি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাসুরারচর বিল যেন এখন সবজি বাগান। পুরো বিলে শোভা পাচ্ছে চিলতে চিলতে ভাসমান সবজি বাগান। প্রতিটি বাগানে রয়েছে কীটনাশকমুক্ত স্বাস্থ্যবান্ধব শাকসবজি। এলাকার কৃষকরা বিলে তৈরি করেছেন এরকম ২০০টি ভাসমান সবজি বেড। এসব বেডে আবাদ হয়েছে লাউ, চালকুমড়া, শশা, বরবটি, লালশাক, মূলাশাক, কলমিশাকসহ নানা জাতের শাকসবজি। শনিবার কাসুরারচর বিলে গিয়ে দেখা গেছে, পুরো বিল ছেয়ে আছে ভাসমান বেডে। আর পুরো বিল যেন একটি অখণ্ড সবজি বাগান। কৃষকরা কেউ নৌকা নিয়ে, কেউ পানিতে নেমে এসব বাগানের পরিচর্যা করছেন।
বিলের কচুরিপানা পচিয়ে লম্বা লম্বা ভাসমান বেড তৈরি করে এসব বেডে চাষ করা হয়েছে নানা জাতের শাকসবজি। এই প্রযুক্তিতে চাষ করতে যেমন বাড়তি কোন রাসায়নিক সার প্রয়োজন হয় না, আবার কীটনাশকও লাগে না। প্রয়োজনে কোন কোন বাগানে বসানো হয়েছে সেক্স ফেরোমন ফাঁদ। ভাসমান বেডের শাকসবজি যেমন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ, তেমনি সুস্বাদু এবং দামও কিছুটা বেশি। যে কারণে ভাসমান বেডের কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। কিশোরগঞ্জ শাকসবজির জন্য বিখ্যাত জেলা হলেও বৃষ্টি, বর্ষা আর বন্যার সময় শাকসবজির বেশ আকাল দেখা দেয়। তখন বহু জমিতে দেখা দেয় জলাবদ্ধতা। বহু জমি বর্ষার পানিতে তলিয়ে যায়। ফলে বাজারে চাহিদার তুলনায় শাকসবজির যোগান থাকে খুবই অপ্রতুল। তবে এরকম প্রাকৃতিক বৈরি সময়ের শাকসবজির আকালের মৌসুমেও দিশা দেখাচ্ছে ভাসমান কৃষি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম জানিয়েছেন, ‘ভাসমান বেডে সবজি ও মসলা ফসল চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প’ নামে প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস এবছর মহিনন্দ ও কলাপাড়া ব্লকে ৫০টি প্রদর্শনী বাস্তবায়ন করছে। এর মধ্যে ১০টি প্রদর্শনী হবে মসলা জাতীয় ফসলের।
কাসুরারচর এলাকার কৃষক ফয়েজ উদ্দিন চারজনের দল নিয়ে ৫০টি বেডে শাকসবজি আবাদ করছেন। মফিজ উদ্দিন পাঠান ও রাজিব মিয়া ৫১টি বেডে আবাদ করেছেন। রুহুল আমিনের রয়েছে ৩৮টি বেড। তাঁরা জানিয়েছেন, কৃষি অফিসের পক্ষ থেকে বীজ, সেক্স ফেরোমন ফাঁদ এবং প্লাস্টিকের নৌকাসহ উপকরণ দিয়ে সহায়তা করেছে। শাকসবজির পরিবহনের জন্য ভ্যানেরও ব্যবস্থা করবে। তাঁদের নিজেদের জমি নেই। ফলে কৃষি অফিসের সহায়তায় হাজামজা বিলে ভাসমান বেডে শাকসবজির চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তাঁরা জানান, ভাসমান বেডের শাকসবজির এমনই চাহিদা, পাইকাররা বিল থেকে এসে এগুলি নিয়ে যান। জমির ঢেঁরশ যদি ৫০ টাকা কেজি হয়, তাহলে ভাসমান বেডের ঢেঁরশ বিক্রি হয় ৬০ টাকা কেজি। ভাসমান বেডের প্রতিটি শাকসবজির দামই জমির শাকসবজির তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি। কৃষকরা পচা কচুরিপানা ঝাঁপিতে করে বাড়িতে নিয়ে যান। গৃহিনীরা এগুলি দিয়ে ছোট ছোট বল তৈরি করে তার ভেতর একটি করে সবজির বীজ স্থাপন করেন। এক সপ্তাহের মধ্যেই চারা গজালে সেগুলি নিয়ে ভাসমান বেডে স্থাপন করেন। বেডের পাশেই মাচা তৈরি করে মাচার ওপর লাউ, চালকুমড়াসহ লতানো গাছ তুলে দেন। এরপর মাচা জুড়ে ঝুলে থাকে লাউ, শশা, চালকুমড়া ইত্যাদি। কৃষকরা জানান, বিলের পানি যখন কমে আসবে, তখন পচা কচুরিপানার বেডগুলো জৈব সার হিসেবে কাজে লাগিয়ে পুরো বিলে বোরো ধানের আবাদ করা হবে। এসব জৈব সারে ধানেরও ভাল ফলন হবে বলে তাঁরা জানিয়েছেন।
মহিনন্দ ব্লাকের উপসহকারী কৃষি কর্মকর্তা উম্মে কুলসুম জেবুন্নেছা জানান, তিনি এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করে ভাসমান বেডে শাকসবজি চাষে অভ্যস্ত করেছেন। তিনি প্রতিদিন এই ব্লকে ব্যস্ত সময় কাটান। কৃষকরাও আন্তরিকতা নিয়ে কাজ করছেন। সাফল্য দেখে তারা দিন দিন উৎসাহিত হচ্ছেন। জেবুন্নেছাও কাজ করে তৃপ্তি পাচ্ছেন। কাসুরারচর বিলে ২০০টি ভাসমান বেড রয়েছে। জমির ঢেঁরশ গাছগুলো এই বৃষ্টির মৌসুমে পানি জমে মরে যাচ্ছে। কিন্তু ভাসমান বেডের ঢেঁরশ গাছগুলো তরতাজা। প্রায় প্রতিটি গাছেই ফুল এবং ঢেরঁশ দেখা গেছে।
সদর উপাজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম জানিয়েছেন, প্রদর্শনীগুলো ৭ মাসের প্রকল্প। বর্তমানে তিনমাস চলছে। এরই মধ্যে আশাতীত ফলাফল পাওয়া যাচ্ছে। আরও চার মাসে প্রত্যাশিত সাফল্যের চেয়েও বেশি কিছু পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। জনগণের পুষ্টি চাহিদা পূরণে এই ভাসমান সবজি প্রকল্প বেশ উপযোগী বলেও এই কৃষি কর্মকর্তা মন্তব্য করেছেন। তিনি জানান, জমির শাকসবজি অতি বর্ষণ আর বর্ষায় ক্ষগ্রিস্ত হয়। আবার টানা খরায়ও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অতিবৃষ্টি, বর্ষা বা বন্যার পানিতে ভাসমান বেডের শাকসবজির কোন ক্ষতি হয় না। ফলে জমির শাকসবজির যখন আকাল দেখা দেয়, তখন ভাসমান বেড থেকে বাজারে শাকসবজির যোগান পাওয়া যায়। যাদের কৃষি জমি নেই, তারা ভাসমান শাকসবজির আবাদ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন বলেও তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *