• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীকে ২ লাখ টাকা জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে নকল ব্যান্ডরোল ব্যবহারের অপরাধে তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানের নেতৃত্ব দেন ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরীন। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন, নরসিংদী শাখার রাজস্ব বিভাগের ডেপুটি রাজস্ব কর্মকর্তা মো. সোহেল রানাসহ যৌথবাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের শম্ভুপুরে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীতে অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। প্রতিষ্ঠানের মালিক লিটন মিয়া নামে এক ব্যবসায়ী। অভিযোগে ছিল দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিতে অবৈধ বা নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট উৎপাদন করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে রাজস্ব বিভাগের কতিপয় দুর্নীতিবাজ ঘুষখোর কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিদিন প্রতিমাসে প্রায় কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতেন টোবাকো কোম্পানীর মালিক।
দীর্ঘ সময় অভিযানে বিপুল পরিমান অবৈধ ও নকল সিগারেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ লক্ষ টাকা। এ সময় কোম্পানীর মালিক লিটন মিয়াকে পাওয়া না গেলেও তার কর্মচারীর কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীটি দীর্ঘদিন যাবত সিগারেট উৎপাদন করে নকল বা অবৈধ ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। কোম্পানীটির অবস্থান একটি গোপন ও নীরব স্থানে। আজ যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান উৎপাদিত সিগারেট জব্দ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে নকল ব্যান্ডরোল লাগানো। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোম্পানীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *