# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে চিহ্নিত চার ছিনতাইকারী ও অনৈতিক কার্যকলাপের অপরাধে দুই কিশোর-কিশোরীকে আটক করেছে থানা পুলিশ। ২২ সেপ্টেম্বর রোববার রাতে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি নদী বাংলা সেন্টারের সামনে থেকে আটক করা হয়। আটক কাজে সহযোগিতায় ছিলেন, ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা ও স্থানীয় যুব সমাজ। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, শহরের পঞ্চবটি এলাকার হেলাল মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম (২৬), ভৈরবপুর উত্তর পাড়া এলাকার জুয়েল মিয়ার ছেলে রুহান মিয়া (২৩) ও জগন্নাথপুর এলাকার খোকন মিয়ার ছেলে সাজ্জাত মিয়া (২৪)। অনৈতিক কার্যকলাপের অভিযুক্ত দুই কিশোর কিশোরী হলেন, গাছতলা ঘাট এলাকার দুলাল মিয়ার মেয়ে ঝুমুর বেগম ও উত্তর পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইফরান মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন যাবত ভৈরব শহরে ব্যাপক হারে বেড়েছে চুরি ও ছিনতাই। এ বিষয়ে অতিষ্ট হয়ে পড়েছে শহরের মানুষ। সরকার পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা কিছুটা নড়বরে অবস্থায় থাকায় বেড়েছে চুরি ছিনতাই এমনটাই দাবী স্থানীয়দের। ২১ সেপ্টেম্বর শনিবার বঙ্গবন্ধু সরণি নদী বাংলা সেন্টার এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয় উঠে বঙ্গবন্ধু সরণি এলাকার লোকজন। তাদের তৎপরতায় ২২ সেপ্টেম্বর রোববার রাতে চার ছিনতাইকারীসহ ৬ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। পরে সোমবার সকালে থানা পুলিশের কাছে ছিনতাইকারীদের পুলিশের হাতে সোপর্দ করে সেনাবাহিনী সদস্যরা।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ছিনতাই ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় ৪ জন ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়াও অনৈতিক কার্যকলাপের অভিযোগে দুইজন কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।