• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবের মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল হত্যার ঘটনায় ৬ দিন পর ৯৬ জনকে আসামি করে থানায় মামলা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলার মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মো. ইকবাল (২৯) হত্যার ঘটনায় ৬ দিন পর সাবেক ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হককে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী নবিছা আক্তার বাদী হয়ে ভৈরব থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ২নং আসামি করা হয় তোফাজ্জল হকের ছেলে তানভিরুল হক রাফিকে। এছাড়া সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাস্টারসহ আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে। নিহত ইকবাল মৌটুপি গ্রামের ধন মিয়ার ছেলে। মামলার বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ স্বীকার করেছেন।
গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজন পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সরকার বাড়ির ইকবাল ঘটনাস্থলে নিহত হয়। এবিষয়ে সরকার বাড়ির নেতা ও সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাফায়েত উল্লাহ বলেন, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে কর্তা বাড়ির লোকজন সেদিন আমাদের বংশের লোকজনের ওপর হামলা চালালে ইকবাল নিহত হয়।
কর্তা বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হক বলেন, ঘটনার দিন আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি ভৈরব বাজারে বাসা নিয়ে থাকি। গত ঈদের পরদিন সরকার বাড়ির লোকজন আমার বাড়ির নাদিমকে হত্যা করে। এরই জের ধরে গত ১৩ সেপ্টেম্বর সংঘর্ষ শুরু হলে তাদের বাড়ির ইকবাল মারা যায়। আমাকে মিথ্যা আসামি কেন করা হলো, তার সুষ্ঠু তদন্তের দাবি করছি।
মামলার বাদী নবিছা আক্তার বলেন, আমি আমার স্বামী হত্যার বিচার পেতে শুক্রবার রাতে থানায় একটি মামলা করেছি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, শুক্রবার রাত ১০টায় নিহতের স্ত্রী বাদী হয়ে ইকবাল হত্যার ঘটনায় থানায় একটি মামলা করে। মামলাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *