# নিজস্ব প্রতিবেদক :-
কাশিমপুর কারাগার থেকে পালানো শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে র্যাব আটক করেছে। আসামি শাহ আলম (৩২) কিশোরগঞ্জ শহরতলির গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে। তাকে ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে গাইটাল বাস টার্মিনাল এলাকা থেকে র্যাব সদস্যরা আটক করেছেন বলে জানিয়েছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। শাহ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সুযোগে কাশিমপুর কারাগার থেকে পালিয়েছিলেন বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন। শাহ আলমকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ মে রাতে গাইটাল মুন্সিবাড়ি মসজিদ রোডে অটোচালক নয়ন মিয়ার ঘর থেকে তাঁর চার বছরের শিশু আফরোজাকে ঘুমের মধ্যে তুলে নিয়ে বাগান বাড়ি মসজিদের পাশে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন শাহ আলম। তৎকালীন পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার কাসুরারচর এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা নয়ন মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করলে ২০১৮ সালে মৃত্যুদণ্ডের রায় হয়। শাহ আলমকে কিশোরগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হলে সেখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সুযোগে তিনি পালিয়েছিলেন।
শাহ আলম এর আগে চুরিসহ বিভিন্ন মামলায় একাধিকবার কারাগারে গেছেন। তার বাবা ফালু মিয়া একটি চুরির মামলায় আটক হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ১৫ বছর আগে মারা যান। শাহ আলমের মা কমলা বেগমও মাদক মামলায় একাধিকবার কারাগারে গেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।