# নিজস্ব প্রতিবেদক :-
সারা দেশে ২০০৯ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত ইস্যু করা লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার জন্য সরকার সর্বশেষ সময়সীমা দিয়েছিল গত ৩ সেপ্টেম্বর। কিশোরগঞ্জের ২০২টি আগ্নেয়াস্ত্রের মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আফজাল হোসেনের একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও কটিয়াদী উপজেলার মেজর (অব.) জাকিরের একটি শর্টগান এখনও জমা পড়েনি। কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মেজর জাকির বার্তা পাঠিয়েছেন, তিনি একটি প্রকল্পে চাকরি সূত্রে চট্টগ্রামে আছেন। কিছুদিনের মধ্যে তিনি ছুটিতে এসে তাঁর অস্ত্রটি জমা দেবেন।
সরকার পতনের পর কিশোরগঞ্জে দায়ের হওয়া পাঁচটি মামলায় আফজাল হোসেনকে আসামি করা হয়েছে। তিনি এখন পলাতক। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এছাড়াও বাজিতপুরের ইতালি প্রবাসী আতিকুর রহমান পরাগেরও একটি শর্টগান ছিল। গত ৫ আগস্ট তাঁর বাড়িতে হামলা হয়। এসময় শর্টগানটি লুট হয়ে যায়। পরবর্তীতে সেটি সেনা সদস্যদের কাছে জমা দিলে সেটি বাজিতপুর থানায় জমা করা হয় বলেও সূত্রটি জানিয়েছে। ফলে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তিনটি অস্ত্র জমা দেওয়া বাকি আছে বলে জেলা ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে জানা গেছে।