# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জে চাচাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক ভাতিজা নিজের গলায় পোঁচ দিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।
ওসি জানান, উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়ার বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (২৫) বাবার চাচাত ভাই আব্দুর রাজ্জাক লেবু মিয়াকে (৮০) ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে দা দিয়ে গলা ও হাতে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছেন। মাদকাসক্ত মোস্তাকিম একটি নিরাময় কেন্দ্র থেকে ৬ মাস আগে বাড়ি এসেছেন। প্রায়ই প্রতিবেশিদের সাথে তার ঝগড়া হতো। বৃহস্পতিবার বিকালে চাচা লেবু মিয়া তাকে ভাল হয়ে চলার কথা বলতেই ঘর থেকে দা নিয়ে এসে লেবু মিয়াকে কুপিয়ে হত্যা করেন। এরপর নিজের গলায় একই দা দিয়ে পোঁচ দিয়ে মারাত্মক আহত হন। এলাকাবাসী মোস্তাকিমকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান। আর লেবু মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।