# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পৌর শহরের লক্ষ্মীপুর তাতাঁরকান্দি এলাকার রেললাইন সংলগ্ন ডোবার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তার দেহে গেঞ্জি ও কালো রঙের প্যান্ট পরিহিত ছিল।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পৌর শহরের লক্ষ্মীপুর তাতাঁরকান্দি-আমলাপাড়া সংযোগ রেলওয়ে সড়কের পাশে ডোবার তীরে পড়ে থাকা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা মরদেহটি ৪/৫ দিনের পুরোনো। কেউ তাকে হত্যা করে হয়তো এখানে ফেলে গেছে।
এবিষয়ে ভৈরব থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মরদেহটি অজ্ঞাত। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহটি উদ্ধার করি। মরদেহটি অর্ধগলিত। কয়েকদিন আগে হয়তো কেউ মেরে ফেলে রেখেছে। চার পাঁচদিনের পুরোনো হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে লাশের ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।