# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের স্টেশন রোডে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত এই জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনে ৫ কিলোমিটার দূরবর্তী নীলগঞ্জ এলাকা থেকে ছুটে এসেছিলেন বৃদ্ধ কৃষক আব্দুর রহমানও। তিনিও সবার সাথে জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন। অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়েছিল।
জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি মহাদেব সাহার ‘শান্তি’ কবিতাটি আবৃত্তি করে শিশু আবৃত্তিকার সেরা রেজা। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, নারী নেত্রী নাজমুন নাহার মলি, সামছুন্নাহার, তাহমিনা ইসলাম, শিক্ষক আবুল হাসেম, হোসেন আলী, জেলা টিইউসি সভাপতি সিরাজুল ইসলাম সাত্তারসহ বেশ কিছু সংস্কৃতি কর্মী।