# মিলাদ হোসেন অপু :-
দেশের বন্যা কবলিতদের সহযোগিতায় ভৈরব উপজেলা যুবদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ২৪ আগস্ট শনিবার দ্বিতীয় দিন এই কর্যক্রমের মাধ্যমে দিনভর বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র সংগ্রহ করা হয়।
দলের নেতাকর্মীদের স্বর্তস্ফুর্ত অংশগ্রহণে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন।
তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের নির্দেশে যুবদল এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা নগদ টাকা, চিড়া, মুড়ি, গুড়সহ প্রয়োজনীয় বিভিন্ন ঔষুধ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে আমরা বন্যা কবলিত দুর্গত এলাকায় যাবো। বন্যা দুর্গতদের পাশের দাঁড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দিনভর ত্রাণ সামগ্রী সংগ্রহে উপস্থিত থেকে সহযোগীতা করেছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতীদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য অনুযায়ী দেশের ১১টি জেলার ৭৭টি উপজেলায় সর্বগ্রাসী বন্যায় অকল্পনীয় দুর্ভোগে পড়েছে মানুষ। সর্বত্রই চলছে হাহাকার। চলমান বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত এই মানুষের সংখ্যা ৪৮ লাখের বেশি। পানিবন্দি অবস্থায় রয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার। তিন হাজার ১৭৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ লাখ ৯৫ হাজার মানুষ, তাদের সঙ্গে রয়েছে ১৮ হাজার গবাদিপশু। গত দুই দিনে প্রাণহানি ঘটেছে ১৫ জনের।