# নিজস্ব প্রতিবেদক :-
১৮ আগস্ট রোববার থেকে সকল মাধ্যমিক বিদ্যালয় খুলেছে। কিন্তু কিশোরগঞ্জের বিদ্যালয়গুলোতে উপস্থিতি ৩০ থেকে ৪০ ভাগ। কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে এমন চিত্রই দেখা গেছে।
শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিভিন্ন শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা খুবই কম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম জানিয়েছেন, বিদ্যালয়ে প্রভাতী শাখায় মোট ছাত্র ৮৬০ জন ছাত্র আছে। কিন্তু আজ উপস্থিত ছিল ২৭৫ জন। নবম শ্রেণির ‘বি’ শাখায় গিয়ে জানা গেছে, ওই শ্রেণিতে মোট ছাত্র আছে ৭৯ জন। কিন্তু আজ উপস্থিত ছিল ৩৬ জন।
সরযূ বালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানিয়েছেন, তাঁর বিদ্যালয়েও উপস্থিতি ৪০ ভাগের মত। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম শোকরানা জানিয়েছেন, তাঁদের বেসরকারি বিদ্যালয়গুলো ৬ আগস্ট থেকে খুলেছে। তাঁর বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত উপস্থিতির হার ৬০ ভাগ বলে তিনি জানিয়েছেন।