# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রেসক্লাবে তিন দিনের মধ্যে পরপর দুইবার রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। ১৩ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার পর ও গত ১৫ আগস্ট দিবাগত রাতের যে কোন সময় দুইটি চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা কুলিয়ারচর বাজারস্থ প্রেসক্লাবের দুটি কেচি গেইটের তালা খুলে প্রেসক্লাবের দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে ক্লাবের দুটি স্টিলের আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রেসক্লাবের দায়িত্বে থাকা ক্লাবের আহ্বায়ক সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে স্থানীয় সাংবাদিক আলি হায়দার শাহিনের সাথে আলাপ আলোচনা শেষে তিনি কুলিয়ারচর বাজার থেকে বাড়ি যান। বাড়ি থেকে পূনরায় প্রেসক্লাবের সামনে এসে তিনি দেখতে পান প্রেসক্লাবের তালা খোলা এবং অফিস কক্ষের দুটি আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। এ সময় কি কাগজপত্র নিয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে প্রেসক্লাবের তালার চাবি তার নিকটই ছিলো। তালার গায়ে কয়েকটি বারির চিহ্ন ছিলো। পরে তিনি প্রেসক্লাবের ওই দুটি তালা লাগিয়ে আবার বাড়ি চলে যান। রাত ১০টার পর প্রেসক্লাবের আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম ও সাংবাদিক আলি হায়দার শাহিনকে চুরির ঘটনা অবহিত করেন নাঈম।
সাংবাদিক আলি হায়দার শাহিন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম তার সাথে আলাপ আলোচনা শেষে কুলিয়ারচর বাজার থেকে বাসায় যান। এরপর নাঈমুজ্জামান নাঈম তার বাসা থেকে কি কারণে প্রেসক্লাবে এসেছিল তা তিনি অবগত নন। রাত ১০টার পর তাকে চুরির ঘটনাটি অবহিত করেন নাঈম।
এরপর গত ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রেসক্লাবের আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় পূর্বের গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলমকে আহবায়ক করে পূনরায় একটি গঠনতন্ত্র প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরই ওইদিন রাতে একই কৌশলে পূনরায় প্রেসক্লাবের প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিসপত্র চুরি হয়। এ চুরির সময়ও প্রেসক্লাবের তালা লাগানো ও তালা অক্ষত ছিলো। এসব তালার চাবি সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম এর হাতেই ছিলো।
সংবাদ পেয়ে বুধবার ও শুক্রবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রথম চুরির ঘটনায় থানায় কোন সাধারণ ডায়েরি না করলেও দ্বিতীয় চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাহাবুবুর রহমান।
উল্লেখ্য, এর আগেও প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে সাংবাদিকদের মাঝে আলোচনা হলে গত ২০১৭ সালের ১২ আগস্ট শনিবার সন্ধ্যার পর থেকে ১৩ আগস্ট রোববার বিকাল ৪ ঘটিকার মধ্যে তালা লাগানো প্রেসক্লাবে চুরি হয়। প্রেসক্লাবের কোথাও কোন ভাঙচুর কিংবা তালা ভাঙ্গা ছিলোনা। চোর কি ভাবে ভিতরে প্রবেশ করলো তার রহস্য পুলিশ প্রশাসনসহ এ পর্যন্ত কেউ উদঘাটন করতে পারেনি। কারণ, প্রেসক্লাবের চাবি ছিলো প্রেসক্লাবের দায়িত্বে থাকা সাংবাদিক মো. রফিক উদ্দিন, সাংবাদিক মো. রফিকুল বাহার, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম সোহাগ ও সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম এর হাতে। ওই চুরির ঘটনাও রহস্যজনকই ছিলো। এর আগেও প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে আলোচনা হলে প্রেসক্লাবের গঠনতন্ত্র চুরি হয়।