# নিজস্ব প্রতিবেদক :-
প্রতিবিপ্লব ঠেকাতে এবং অর্জিত স্বাধীনতা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ‘বিজয় চত্বর’ নাম দেওয়া শহরের পুরানথানা এলাকায় ছাত্রছাত্রীরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় মাইকে বাজানো গানের তালে তালে ছাত্রছাত্রীরা নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন।
অবস্থান কর্মসূচীতে বক্তৃতা করেন অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন। উপস্থিত ছিলেন অপর সমন্বয়ক অভি চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন প্রমুখ। ইকরাম হোসেন বলেন, নিজেদের মধ্যে যেন কেউ ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে না পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবাই মিলেই বিজয় অর্জন করেছি। কেবল এক দুজন সমন্বয়ক নিয়ে যেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না হয়, সেদিকে সচেতন থাকার জন্যও সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ নস্যাত করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যও তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে সরকারি গুরুদয়াল কলেজে গিয়ে শেষ হয়।