# নিজস্ব প্রতিবেদক :-
আগের সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পুলিশও সকল প্রকার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। এছাড়া কিশোরগঞ্জ সদর থানায় গত ৪ ও ৫ আগস্ট আন্দোলনকারীদের পক্ষ থেকে হামলা হয়েছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষসহ থানায় ভাঙচুর চালানো হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা।
তবে গত ৮ আগস্ট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফাসহ কিছু সদস্য থানার দায়িত্বে ফিরে এসেছেন।
ওসি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে ১৫ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ৮ দিনে থানায় কেবল তিনটি মামলা রেকর্ড হয়েছে। কিছু জিডিও হয়েছে। তবে জিডি অনলাইনে হওয়ায় এর সংখ্যাটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ওসি জানান, তিনটি মামলার মধ্যে সাধারণ মারামারি এবং নারী নির্যাতনের মামলা রয়েছে। তবে আন্দোলনকে কেন্দ্র করে যেসব সহিংসতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, এসব ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তিনি আরও জানান, স্বাভাবিক সময়ে ৮ দিনে অন্তত ১০টি মামলা রেকর্ড হতো। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ৮ দিনে কেবল তিনটি মামলা রেকর্ড হয়েছে। এছাড়া পুলিশ আগের মত এখন আর বিভিন্ন এলাকার আইন শৃংখলা রক্ষায় নিয়মিত কোন রকম টহলে যাচ্ছে না। কেবল কোথাও থেকে কোন অস্বাভাবিক অবস্থার খবর পেলে তখন পুলিশ পাঠানো হয়।