• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোলাকিয়ায় জঙ্গি হামলার বিচারের ৮ বছর চলছে

শোলাকিয়ায় জঙ্গি হামলার
বিচারের ৮ বছর চলছে

# নিজস্ব প্রতিবেদক :-
আজ ৭ জুলাই। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় জঙ্গি হামলার ৮ম বর্ষ। দীর্ঘ ৮ বছরেও সেই মামলার কার্যক্রম শেষ হয়নি। ১০১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৬০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী এপিপি আবু সাঈদ ইমাম। এদিকে, সেদিনের জঙ্গি হামলায় নিহত এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের স্বামী গৌরাঙ্গনাথ ভৌমিক স্ত্রী হত্যার বিচার দেখে যেতে পারেননি। অসুস্থ অবস্থায় গত ১৮ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তাঁর মামাত ভাই বীরমুক্তিযোদ্ধা মাধব গোবিন্দ দাস। এখন তাদের দুই ছেলে বাসুদেব ভৌমিক ও শুভদেব ভৌমিক মায়ের হত্যার বিচার দেখার অপেক্ষায়।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের ১৫ মিনিট আগে সকাল পৌনে ৯টায় জঙ্গিরা শোলাকিয়া ঈদগার আধা কিলোমিটার উত্তর-পশ্চিম কোণে মুফতি মোহাম্মদ আলী মসজিদের সামনে পুলিশের চেকপোস্টে হামলা চালিয়েছিল। সেদিন দুই পুলিশ কনস্টেবল আনসারুল হক ও জাহিরুল হক জঙ্গিদের গ্রেনেড হামলা আর চাপাতির আঘাতে এবং এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক ও আবীর রহমান (২৩) নামে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কুমিল্লার দেবিদ্বার এলাকার এক জঙ্গি পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় গুলিতে নিহত হয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার শফিউল ইসলাম (২২) ও কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকার জাহিদুল হক তানিম (৩২) নামে দুই জঙ্গি।
এ ঘটনায় হামলাস্থলে দায়িত্ব পালনরত তৎকালীন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২/১৩ ধারায় ঘটনার তিনদিন পর ১০ জুলাই সদর থানায় জঙ্গি শফিউল ইসলাম ও জাহিদুল হক তানিমসহ কয়েকজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে নিহত জঙ্গি আবীর রহমানের লাশ তার পরিবার গ্রহণ করতে অস্বীকৃতি জানালে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় পৌর গোরস্থানে প্রশাসনের উদ্যোগে দাফন করা হয়েছিল।
সেদিন অসম সাহসিকতায় পুলিশ বাহিনী জঙ্গিদের হামলা ঠেকিয়ে দিয়েছিল। ঈদগার মাত্র আধার কিলোমিটার দূরে বন্দুকযুদ্ধ হচ্ছে। কিন্তু চার লক্ষাধিক মুসল্লির ঈদুল ফিতরের জামাতে এর আঁচ লাগতে দেয়নি। নির্ধারিত সময় সকাল ৯টায় নির্বিঘ্নে বিশাল জামাত সম্পন্ন হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান ২০১৮ সালের ১১ আগস্ট কিশোরগঞ্জ পুলিশ সুপারের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ২৪ জনের নামে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে বিভিন্ন জায়গায় আইন শৃংখলা বাহিনীর অভিযানকালে শোলাকিয়া হামলায় সরাসরি অংশ নেওয়া শফিউল ইসলামসহ ১৯ জন মারা যান। বর্তমানে চার্জশীটভুক্ত আসামি হলেন কিশোরগঞ্জ শহরের জাহিদুল হক তানিম, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাঘবপুরের রাজিব গান্ধী, কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সাদীপুর (কাবলিপাড়া) গ্রামের সোহেল মাহফুজ, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারদীঘা গ্রামের বড় মিজান ও জঙ্গির আশ্রয়দাতা গাইবান্ধা এলাকার আনোয়ার হোসেন। এরা সবাই বর্তমানে কারাবন্দি।
এপিপি আবু সাঈদ ইমাম জানিয়েছেন, আসামিদের কারও কারও নামে গুলশানের হলি আর্টিজান মামলাসহ দেশের বিভিন্ন জেলায় মামলা থাকায় সবসময় নির্ধারিত তারিখে কিশোরগঞ্জের সন্ত্রাস দমন ট্রাইবুনালে হাজির করা যায়নি। যে কারণে সাক্ষ্যগ্রহণ বিলম্বিত হচ্ছে। তবে যে ধনের সাক্ষ্যপ্রমাণ রয়েছে, তাতে জঙ্গিদের সর্বোচ্চ সাজা হবে বলে তিনি প্রত্যাশা করেন। আগামী ৩১ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য আছে বলে এপিপি জানিয়েছেন।
জঙ্গি হামলার সময় ঝর্ণা ভৌমিকের ছেলে শুভদেব ভৌমিক ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ছেন। আর আগের সংসারের ছেলে বাসুদেব ভৌমিককে সরকারের উদ্যোগে একটি বেসরকারি ব্যাংকে চাকরির ব্যবস্থা করা হয়েছে। তাঁরা বলেন, বিচার দেখার অপেক্ষায় থাকতে থাকতে বাবা মারা গেছেন। এখন তাঁরা অপেক্ষায় আছেন মায়ের এই করুণ মৃত্যুর সঠিক বিচার দেখার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *