করোনার বিস্তার রোধে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১৬ জনের কাছ থেকে ৪৬ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে মাস্ক ব্যবহার না করায় ৫ জনের কাছ থেকে ১৭শ’ টাকা আদায় করা হয়। আর নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা এবং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ১১ জনের কাছ থেকে ৪৫ হাজার টাকা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জুন শুক্রবার ভ্রাম্যমাণ আদালত জেলাশহর ও শহরতলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেছেন। এসময় বিভিন্ন জনের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়। পুলিশ বিভাগ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন।