# নিজস্ব প্রতিবেদক :-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ জুন গৃহহীন ও ভূমিহীনদের মাঝে দুই শতাংশ জায়গার ওপর নির্মিত আরও ১৮ হাজার ৫৬৬টি ঘর বিতরণ করবেন। তিনি এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ আজ ৮ জুন শনিবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. ফাইরুজ তাসলিম, রেভিনিউ ডেপুটি কালেক্টর ইশরাত জাহান প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ আরও জানান, কিশোরগঞ্জ জেলায় মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ২ হাজার ৮৪০টি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের প্রথম ধাপসহ মোট ২ হাজার ৭৯০টি গৃহ উদ্বোধন করেছেন। পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আগামী ১১ জুন অবশিষ্ট ৫০টি গৃহ উদ্বোধন করবেন। এগুলো হলো হোসেনপুর উপজেলায় ১৪টি, নিকলী উপজেলায় ১টি, বাজিতপুর উপজেলায় ২০টি, তাড়াইল উপজেলায় ১৫টি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ইতোমধ্যে জেলার ১৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।