# নিজস্ব প্রতিবেদক :-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর র্যালি ও আলোচনা সভা করেছে। ৫ জুন বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা করা হয়েছে। এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, নিজের আশপাশের পরিবেশ প্রতিবেশকে সুরক্ষার মাধ্যমেই বিশ্বকে সুরক্ষা দেওয়া যাবে। প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখন অপচনশীল বর্জ্য পরিবেশের অনেক ক্ষতি করছে। যা এক সময় ছিল না। বিশেষ করে পলিথিন আর প্লাস্টিক সামগ্রি আমাদের জলাশয়, কৃষি জমি থেকে শুরু করে পুরো পরিবেশকেই বিষিয়ে তুলছে। কেবল আইন করে পরিবেশ রক্ষা করা যায় না। প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীলতা। এই বোধ আমাদের মধ্যে জাগ্রত হলেই পরিবেশ বিপর্যয় থেকে মানবজাতি রক্ষা পাবে বলে বক্তাগণ উল্লেখ করেন।