# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক শ্রমিক তুষার মিয়ার (৩৪) চট্টগ্রামের মীরসরাইয়ে ১২ মে রোববার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ১৪ মে মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামে দাফন করা হয়েছে। তুষারের চার বছরের একমাত্র সন্তান মেহেদী হাসান আনিল বাবার দাফনের সময় উপস্থিত ছিল। এলাকাবাসী যখন দাফনের পর তুষারের জন্য দোয়া পড়ছিলেন, আনিলও তাখন বলছিল, ‘আল্লাহ তুমি বাবাকে মাফ করে দাও’। এসময় উপস্থিত সবার চোখে পানি চলে আসে। তুষারের চাচা শাহজাহান মেম্বার এ প্রতিনিধিকে একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, তিনি আনিলকে ১০টি টাকা দিয়েছিলেন। আনিল এই টাকা দেখিয়ে শুধু বলছে, ‘টাকা দিয়ে বাবার চিকিৎসা করাও’।
মঙ্গলবার তুষারের বাড়িতে গিয়ে দেখা গেছে, ছোট-বড় সবাই শোকে কাতর। শিশুপুত্র আনিল ছুটোছুটি করছে। সে বলছে, ‘বাবা মারা গেছে’। মানুষ মারা গেলে কত দূরে চলে যায়, এটা বোঝার বয়স তার হয়নি। এক পর্যায়ে মোবাইলে আনিল তার বাবা তুষারের ছবিও দেখায়।
কৃষক বাবুল মিয়ার ছেলে তুষার তিন মাস আগে মীর সরাইয়ে প্যারাগন কোম্পানীর পোল্ট্রি ও ডেয়রি ফিড কারখানায় কাজ নেন। তাকে কাজটি দিয়েছিলেন তাড়াইলের মিলন মিয়া নামে এক ব্যক্তি। দৈনিক ৪৫০ টাকা পারিশ্রমিকে কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে আবার গিয়ে কাজে যোগ দেন। ছুটি নিয়ে রোববার সকালে তিনি আবার বাড়িতে রওনা হয়েছিলেন। কারখানা থেকে দেওয়া হয় ৫০০ টাকা।
তুষারের চাচাত ভাই বাবলু মিয়া (৩২) জানালেন, রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে সর্বশেষ তুষার ফোন করেছিলেন। তখন তুষার বলছিলেন, তিনি আর মীরসরাইয়ে কাজ করবেন না। বাবলুর কারখানায় কাজ করবেন। বাবলু নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক দানা তৈরির কারখানায় কাজ করেন। এই ফোনালাপের অডিও রেকর্ডও রয়েছে।
রোববার বিকালে মীরসরাইয়ের একটি পুকুর পারে তুষারের লাশ পাওয়া যায়। তার মুখে আঠালো পদার্থ এবং তার গামছা পাওয়া যায়। মুখ থেকে কিছুটা রক্তও বের হয়েছে। ব্যাগে জায়নামাজ, তসবিহ এবং টুপিসহ অন্যান্য কাপড় পাওয়া যায়। পুলিশ প্রথমে এটিকে মাদক সেবনে মৃত্যু বলে জানিয়েছিল। এদিন সন্ধ্যায় মীরসরাই থানার পক্ষ থেকে তুষারের জাতীয় পরিচয়পত্রের কপি দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়ার মোবাইলে পাঠিয়ে মৃত্যুর খবর জানানো হয়। পরে চেয়ারম্যান মাসুদ মিয়া, তুষারের চাচা সাবেক মেম্বার শাহজাহান মিয়া, তুষারের চাচাত ভাই সাবেক মেম্বার হুমায়ুন কবীর মীরসরাই থানায় গিয়ে তুষারের লাশ শনাক্ত করেন।
চেয়ারম্যান মাসুদ মিয়া ও শাহাজাহান মেম্বার জানান, তাঁরা তুষারের কর্মস্থলেও গিয়েছিলেন। তুষারের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তারা সবাই বলছিলেন, তুষার খুব ভাল ছেলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। শাজহাজান মেম্বার জানান, তাঁদের ধারণা, তুষার শ্বাসরোধে খুন হয়েছেন। তিনি বাদী হয়ে রোববারই মীরসরাই থানায় একটি সাধারণ ডায়রি (ডায়রি নং- ৪৮৮) করেছেন। মরদেহের ময়না তদন্ত শেষে ১৩ মে সোমবার লাশ বাড়িতে এনে ১৪ মে মঙ্গলবার দাফন করা হয়েছে।
এদিকে এ ঘটনার তদন্ত কর্মকর্তা মীরসরাই থানার এসআই অসীম চন্দ্র ভৌমিক এ প্রতিনিধিকে জানিয়েছেন, এটি কী ধরনের মৃত্যু, সেটা ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। যে কারণে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ যেমন নিশ্চিত হওয়া যাবে, তদন্তের একটি সুনির্দিষ্ট সূত্রও পাওয়া যাবে।