পূর্বে প্রকাশিতের পর:-
গত পর্বে আমরা জেনেছিলাম যে, ইসলামী শরীয়ত আমাদেরকে সুস্বাস্থ্য অর্জনে ও স্বাস্থ্য সংরক্ষণের প্রতি উৎসাহিত করে। সেই সাথে এটাও জেনেছিলাম যে, কেউ যদি ইসলামের দিক-নির্দেশনাগুলি সঠিকভাবে মেনে চলে তাহলে তার জন্য সুস্বাস্থ্য লাভ করা এবং স্বাস্থ্য সংরক্ষণ করা অনেকটাই সহজ হয়ে যাবে। কেননা রোগব্যাধি হওয়ার সাধারণত যে সকল কারণ রয়েছে এ সকল ক্ষেত্রেই ইসলাম অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আর অসুস্থতা বা রোগব্যাধি হওয়ার কারণ সমূহের মধ্য থেকে দুইটি কারণ (যথা: খাদ্য বা খাদ্যাভাস জনিত অসতর্কতা) নিয়ে গত পর্বে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এ পর্বেও আমরা আরো কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ্। আর সেগুলো হলো:-
৩। অলসতা, পরিশ্রমহীনতা বা অতি পরিশ্রম:- নিয়মিত পরিশ্রম ও বিশ্রাম সুস্বাস্থ্যের জন্য অতীব প্রয়োজনীয়। আর ইসলামী জীবনপন্থায় তা সুনিশ্চিত করা হয়েছে। কেননা ইসলামে অলসতাকে অত্যন্ত ঘৃণা করা হয়েছে। রাসূল (সা.) সর্বদা অলসতা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলতেন, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি উৎকণ্ঠা থেকে, মনোকষ্ট থেকে, অলসতা থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, ঋণগ্রস্থতা থেকে এবং মানুষের কর্তৃত্বাধীন হয়ে যাওয়া থেকে। (বুখারী, মুসলিম, মিশকাত: ২৪৫৮)
বস্তুত, ইসলামী জীবনধারায় অলসতার কোন স্থান নেই। ইসলামের নিয়মিত ইবাদত, বিশেষত নিয়মিত ফরয ছালাত, সুন্নত ছালাত, তাহাজ্জুদ ও অন্যান্য নফল ছালাত মানুষের পরিশ্রমের প্রাথমিক চাহিদা পূরণ করে এবং অলসতার পথ বন্ধ করে। জামাতে ছালাত আদায়ের জন্য সর্বদা হেঁটে মসজিদ যেতে রাসূল (সা.) উৎসাহ দিয়েছেন। হাঁটার ক্ষেত্রে তিনি নিজে সুদৃঢ় ও লম্বা পদক্ষেপে দ্রুত হাঁটতেন। অবিকল তাঁর মত হাঁটা একজন মুমিনের জীবনে সুন্নতের অনুসরণের বরকত ছাড়াও অসাধারণ দৈহিক কল্যাণও এনে দেয়। এছাড়া ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নিজের সকল কর্ম নিজে করতে উৎসাহ দিয়েছেন। নিয়মিত পরিশ্রমের পাশাপাশি তিনি নিয়মিত বিশ্রাম ও ঘুমের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। রাসূল (সা.) বলেন, তোমার উপর তোমার চোখের প্রাপ্য অধিকার রয়েছে, তোমার দেহের অধিকার রয়েছে, তোমার স্ত্রীর অধিকার রয়েছে, তোমার মেহমানের অধিকার রয়েছে এবং তোমার বন্ধুর প্রাপ্য অধিকার রয়েছে। (বুখারী) এরকমভাবে কেউ যেন বিশ্রাম ও ঘুমের ক্ষেত্রে দেহের ন্যুনতম চাহিদা পূরণে অবহেলা না করে সে বিষয়ে ইসলাম দিক-নির্দেশনা দিয়েছেন।
৪। মানসিক অস্থিরতা ও উৎকণ্ঠা:- সুস্বাস্থ্যের জন্য দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অতীব প্রয়োজনীয়। কেননা প্রকৃতপক্ষে মনই মানুষের দেহ নিয়ন্ত্রণ করে। মানসিক প্রশান্তি, স্থিরতা, উৎফুল্লতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থতা অর্জনের জন্য দেহের অভ্যন্তরীণ মেকানিজমকে আগ্রহী করে তোলে। পক্ষান্তরে মানসিক উৎকণ্ঠা ও অস্থিরতা দেহের অসুস্থতা ত্বরান্বিত করে। তাই ইসলামী শরীয়ত মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন ইবাদত, দুআ ও প্রার্থনা করা এবং সুন্নাহ পদ্ধতিতে আল্লাহর যিকির করার নির্দেশ দেয়া। আর আল্লাহ বলেন, জেনে রাখ! আল্লাহর যিকির অন্তর সমূহ প্রশান্ত হয়। (সূরা রা’দ ২৮)
৫। অনিয়ন্ত্রিত জীবন যাপন :- স্বাস্থ্য নষ্ট হওয়ার আরেকটি কারণ হল অনিয়ন্ত্রিত জীবন যাপন করা। আর অনিয়ন্ত্রিত জীবন যাপন করা একজন মুমিনের পক্ষে কোনোমতেই সম্ভব নয়। কেননা ছালাত, ছিয়াম, খাওয়া, ঘুম, বিশ্রাম, পরিশ্রম, পারিবারিক জীবন, সামাজিক জীবন ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন নিয়ম-নীতির মাধ্যমে ইসলামী শরীয়ত একজন মুমিনের জন্য এমন একটি রুটিন নির্ধারণ করে দিয়েছে যে, অনিয়ন্ত্রিত জীবন যাপন বা জীবনের প্রতি স্বেচ্ছাচারিতার কোন সুযোগই এখানে নেই। তাই প্রত্যেকটি মুমিনের উচিত হল জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দিকে নির্দেশনাগুলো পুরোপুরিভাবে মেনে চলা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমিন
চলবে…..
প্রচারে: আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।